মারধর ও জিম্মি করে ২৩ ভরি স্বর্ণালংকার ডাকাতি

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে বাড়ির দরজা ভেঙে পরিবারের সদস্যদের মারধর ও জিম্মি করে ২৩ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫৫ হাজার টাকা লুট করেছে ডাকাত দল। বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে ইউনিয়নের মোল্লাঘাটা বাজারসংলগ্ন বারাহী গোবিন্দ গ্রামের শেখ আহমেদ খাদেমের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাত দলে প্রায় ১০ সদস্য ছিল বলে জানিয়েছেন বাড়ির গৃহকর্তা।

গৃহকর্তা এনায়েত চিশতি জানান, রাত ৩টার দিকে প্রায় ১০ জনের একটি ডাকাত দল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের মারধর করে একটি কক্ষে জিম্মি করে রাখে। পরে বাড়ির আটটি কক্ষে প্রবেশ করে স্টিলের আলমারি ও কাঠের ওয়ারড্রব ভাঙচুর করে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ২৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা হামিদুল হক ডিলার ও চিকিৎসক হেশাম উদ্দিনসহ এলাকাবাসী এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এলাকায় নিরাপত্তা জোরদার এবং ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাইফুল ইসলাম বলেন, গোয়েন্দা নজরদারির মাধ্যমে ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

দাগনভূঞা থানার ওসি বলেন, খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনায় জড়িতদের আটক এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।