ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মামাতো ভাই শামছুর রহমান টিপু (৬২) ও তার ছেলে শিহাবুর রহমান শিহাবকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামছুর রহমান টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার ছেলে শিহাবুর রহমান শিহাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে টিপু ও তার ছেলে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে তাদের অবস্থান নিশ্চিত হয়ে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে সেখান থেকে বাবা ও ছেলেকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি হাবীবুর রহমান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।