নোয়াখালীর চাটখিলে শ্রমিক দল নেতা মোহাম্মদ রাসেল (৩২) হত্যার ঘটনায় তার সাবেক স্ত্রী, সাবেক স্ত্রীর বোন ও তার বর্তমান স্বামীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ঢাকা ও চট্টগ্রামের পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন নিহত রাসেলের সাবেক স্ত্রী ফারজানা আক্তার মুক্তা (২৬), তার বোন নাদিয়া সুলতানা রত্না (২৫) এবং মুক্তার বর্তমান স্বামী সেলিম (২৫)।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে জানানো হয়, মুক্তার সঙ্গে সেলিমের সম্পর্ককে কেন্দ্র করে রাসেলের দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়। পরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এ নিয়ে ক্ষোভ এবং পুনরায় সংসার করার চেষ্টা থেকে বিরোধের সূত্রপাত বলে ধারণা করছে র্যাব।
র্যাব জানায়, প্রায় ১২ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। কয়েক বছর ধরে সেলিমের সঙ্গে মুক্তার সম্পর্কের জেরে রাসেলের সঙ্গে তার পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে মুক্তা রাসেলকে তালাক দেন। চলতি বছরের অক্টোবর মাসে সেলিমকে বিয়ে করেন তিনি। বিষয়টি জানার পর রাসেল মুক্তার বাড়িতে যাতায়াত বাড়িয়ে দেন।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গত ৬ নভেম্বর মুক্তা মুঠোফোনে রাসেলকে তাদের বাড়িতে যেতে বলেন। ওই ফোন পেয়ে রাত ১০টার দিকে সেখানে যান রাসেল। পরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে অন্যদের সহযোগিতায় রাসেলকে হত্যার অভিযোগ উঠেছে মুক্তার বিরুদ্ধে।
হত্যার পর ঘটনা গোপন করতে রাসেলের মরদেহ কম্বলে মুড়িয়ে পাশের একটি পরিত্যক্ত ঘরে মাটিচাপা দেওয়া হয় বলে জানিয়েছে র্যাব। গত বৃহস্পতিবার পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে চাটখিল থানায় হত্যা মামলা করেন।
র্যাব জানায়, ওই মামলার সূত্র ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে গ্রেফতার করা হয়। পরে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে সেলিমকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।