‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল পুলিশ হেফাজতে

চট্টগ্রামের কর্ণফুলীতে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে তার কথা-কাটাকাটির পর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ শনিবার (১৪ নভেম্বর) সকালে বলেন, কামাল উদ্দিন কর্ণফুলীর স্থায়ী বাসিন্দা নন। তার বাড়ি সাতকানিয়া উপজেলায়। প্রায় দেড় মাস আগে তিনি সিডিএ টেক এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তার অবস্থানের খবর পেয়ে স্থানীয় কিছু লোক বাসাটি ঘেরাও করে। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে থানায় নেওয়া হয়।

ওসি জানান, কামাল উদ্দিনকে কোনও মামলায় গ্রেফতার করা হয়নি। নিরাপত্তার স্বার্থে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে থানায় আগে থেকে কোনও লিখিত অভিযোগও ছিল না।

নূর আহমেদ বলেন, স্থানীয় লোকজনের কোনও অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কিছু অভিযোগ এসেছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।

এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন কামাল উদ্দিন। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে তিনি আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করেন। এ-সংক্রান্ত তার বক্তব্যের ভিডিও ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও মন্তব্য করতে দেখা যায় ব্যবহারকারীদের।