নিজ দলের নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে জমি, নদী ও খাল দখল, চাঁদাবাজি এবং থানায় দালালির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। এসব কর্মকাণ্ড থেকে বিরত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি প্রশ্ন করেছেন, ‘এখন কি তাদের জেলে দেবো?’
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে নিজের বাসভবনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ নিজান বলেন, দলের কিছু নেতাকর্মী চর দখল, মহিষের ঘাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছেন। মুখে এসব কর্মকাণ্ডের কথা অস্বীকার করলেও বাস্তবে কেউ কেউ তা করছেন। নেতাকর্মীদের সিদ্ধান্ত নিতে হবে, তারা এসব অবৈধ কাজ করবেন কি না।
তিনি বলেন, অন্যের জমি, নদী, খাল ও বিভিন্ন স্থাপনা দখল, চাঁদাবাজি এবং থানায় দালালি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দলের পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা থেকে নেতাকর্মীদের সরে আসতে হবে।
নিজের স্বচ্ছতার প্রসঙ্গ তুলে ধরে হুইপ বলেন, আমি ২৪ ঘণ্টার মধ্যে ১৬ থেকে ১৮ ঘণ্টা রাজনীতি করি। নিজান ঘুষ খায় এমন কথা কি জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন কিংবা আওয়ামী লীগের কেউ বলতে পেরেছে? আমার বিরুদ্ধে যদি এমন অভিযোগ না থাকে, তাহলে আমার নেতাকর্মীরা কেন এসব অনিয়ম করবে?
গত ৫ আগস্টের পর থেকে দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, নেতাকর্মীদের একটি অংশকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি কেন আপনাদের সঙ্গে খারাপ আচরণ করব, কেন রাগ করব, কেন দল থেকে বহিষ্কার করব? দল থেকে বহিষ্কার করেও কাউকে থামাতে পারিনি। এখন কি তাদের জেলে দেবো?
বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গও তুলে ধরেন নিজান। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মীরা স্লোগান দিলেও শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্তি পেয়েছেন। এ সময় খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও সম্মানের কথাও উল্লেখ করেন তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়েও নেতাকর্মীদের সতর্ক করেন হুইপ। তিনি বলেন, সবাই চেয়ারম্যান হতে চাইলে তো আর হবে না। প্রার্থী হতে হলে জনগণের কাছে গ্রহণযোগ্যতা ও পরিচিতি থাকতে হবে। একজন চেয়ারম্যান প্রার্থীর নিজের অন্তত ৫০ শতাংশ ইমেজ থাকা প্রয়োজন। পাশাপাশি অন্যকে নেতা হিসেবে মেনে নেওয়ার মানসিকতাও থাকতে হবে।