খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, একের পর এক হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ে চরম উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেছেন, একের পর এক হত্যা, হামলা, ভাঙচুর, চাঁদাবাজি ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ বাড়ছে নগরজুড়ে। পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতৃত্ব ও শীর্ষ পর্যায় থেকে চরম উদ্বেগ প্রকাশ করা হলেও কার্যকর পদক্ষেপ নিতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঞ্জু আরও বলেছেন, ‘খুলনা এখন সন্ত্রাসে নিমজ্জিত। কয়েকটি সন্ত্রাসী গ্রুপ ১৪ লাখ মানুষকে জিম্মি করে ফেলেছে। এই অবস্থার অবসান হওয়া দরকার। অবিলম্বে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকব্যবসা দমনে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান এবং প্রয়োজনে কারফিউ জারি করে সন্ত্রাসীদের গ্রেফতার করা দরকার।’
তিনি আরও বলেন, ‘খুনিরা মানুষ খুন করছে, চাঁদাবাজি করছে এবং মাদকের বাজার বসিয়েছে। প্রতিবাদ করলেই তাদের হত্যা করা হচ্ছে। এ পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ থেকে ১০ জন কর্মীকে তারা হত্যা করেছে। এ অবস্থা চলতে থাকলে খুলনার মানুষ বাঁচবে না, কোনও উন্নয়ন খুলনায় হবে না। মানুষ অন্ধকার আচ্ছন্ন একটা শহরে বসবাস করছে। ব্যবসায়ীরা ইতিমধ্যে খুলনা ত্যাগ করেছেন। অনেকে বাকরুদ্ধ হয়ে গেছেন। পরিস্থিতি এমন যে কার কাছে বলবে, যদিও ফাঁস হয়ে যায় তাহল সে গুলির শিকার হবে, হত্যার শিকার হবে। এজন্য চাঁদা দিচ্ছে সবাই, কিন্তু কেউ মুখ খুলছে না। একটা নীরব চাঁদাবাজি চলছে খুলনা শহরে। আবার এই চাঁদা কিন্তু ছোটখাটো অংকের না, লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা। পাঁচ-ছয়টা গ্রুপ চাঁদাবাজি করছে, মানুষকে জিম্মি করে। মানুষকে হত্যা করে। তবে আমরা এর অবসান চাই। এজন্য প্রধানমন্ত্রীকে সরাসরি হস্তক্ষেপ করতে হবে। সব বাহিনী নিয়ে একটা যৌথ বাহিনী গঠন করে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে হবে।’
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক আরও বলেন, ‘প্রয়োজনে খালেদা জিয়া ম্যাডামের সন্ত্রাস দমনের মডেলটা নিতে হবে, যেটা আমি একটা সংবাদ সম্মেলনে বলেছিলাম। ম্যাডাম দেড়শ পুলিশ ক্যাম্প করেছিলেন খুলনা বিভাগে এবং এই অঞ্চলে বিশেষ গোয়েন্দা নজরদারির জন্য গোয়েন্দাদের আনা হয়েছিল। ক্রসফায়ার অমানবিক, সরকার বন্ধ করেছেন। সরকারের এই অস্ত্রটি আওয়ামী লীগ আমলে অসৎ ব্যবহার হওয়ার কারণে কোনও পপুলার গভর্নমেন্ট এটি করতে চান না। কিন্তু আজকে সবার হাততালিতে মনে হয়েছে যে বিশেষ প্রয়োজনে ক্রসফায়ার খুব পপুলার। এই অঞ্চলটা পরিষ্কার করতে হবে যেকোনো মূল্যে। পাবলিককে নিরাপদ শহর গড়ার অঙ্গীকার আমাদের প্রধানমন্ত্রীর, এটি বাস্তবায়ন করতে হবে।’
১২ নভেম্বর দিনগত রাত সাড়ে ১০টার দিকে বিএনপি নেতা জাকিরকে গুলি করে হত্যা করা হয়। ওই সময় স্বল্পবাহিরদিয়া গ্রামের হিরকের দোকানে বসেছিলেন জাকির হোসেন। এ সময় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জাকির স্বল্প বাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। শুক্রবার নিহত জাকির হোসেনের পরিবারকে সমবেদনা জানানোর সময় এসব কথা বলেন তিনি।