খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, একের পর এক হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ে চরম উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছেন সরকারদলীয় এমপি, জাতীয় সংসদের হুইপ, সিটি করপোরেশনের প্রশাসকসহ বিএনপির নেতারা। বিশেষ করে প্রকাশ্যে গুলি করে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা, চাঁদাবাজি এবং ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় পুলিশ ও প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন তারা।
তারা বলছেন, একের পর এক হত্যা, হামলা, ভাঙচুর, চাঁদাবাজি ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ বাড়ছে নগরজুড়ে। পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতৃত্ব ও শীর্ষ পর্যায় থেকে চরম উদ্বেগ প্রকাশ করা হলেও কার্যকর পদক্ষেপ নিতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক নেতারা। একইসঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন তারা।
পুলিশ ব্যর্থ হলে মাঠে নামবে বিএনপি
জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেছেন, ‘খুলনা এখন আতঙ্কের শহর, সন্ত্রাসের নগরী। প্রতিদিন ঘুম থেকে উঠলেই আপনি শুনতে পাবেন, অমুক জায়গায় একটা খুন হয়েছে। অমুক জায়গায় চাঁদার দাবিতে ভাঙচুর হয়েছে। আমরা পুলিশ ও প্রশাসনকে বারবার বলেছি, আপনারা কঠোর হন। কিন্তু কোনও পদক্ষেপ নেয়নি। যদি নিতো তাহলে এসব খুন, হামলা-ভাঙচুর ঘটতো না। এ অবস্থায় সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পুলিশ ব্যর্থ হলে বিএনপি মাঠে নামবে।’
রকিবুল ইসলাম বকুল বলেন, ‘সবাইকে আবার একসঙ্গে হয়ে সন্ত্রাসমুক্ত করতে হবে। আমরা সেজন্য প্রস্তুত আছি। দরিদ্র পিতামাতা সন্তানের মুখের দিকে চেয়ে রোজগার করতে পারছে না। বাধ্য হয়ে কেউ কেউ সন্ত্রাসের পথে যাচ্ছে। কেউ কেউ ফ্রাস্ট্রেটেড হয়ে মাদকের দিকে ধাবিত হচ্ছে। আমাদের এই খুলনার অবস্থাটা আজ এতটাই নিম্নমুখী হয়েছে যে, বুঝে হোক না বুঝে হোক, ১৫ হাজার টাকা, সাত হাজার টাকার লোভে আজ সন্ত্রাসের দিকে ধাবিত হচ্ছে। যারা সন্ত্রাসের দিকে ধাবিত হয়েছে, তাদের প্রতি আহ্বান থাকবে, শেষ মুহূর্তে গিয়ে আপনারা কিন্তু পরাজিত হবেন।’
তিনি বলেন, ‘সরকার কিন্তু বসে থাকবে না। জনগণের শান্তির জন্য, জনগণের উন্নয়নের জন্য সরকার শেষ মুহূর্তে কঠিন ব্যবস্থা নেবে। আমাদের আহ্বান থাকবে, ওই পথ পরিহার করে এখনও সুযোগ আছে, আপনারা আলোর পথে ফিরে আসুন। আইনের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। কারণ, আপনারা যে পথ বেছে নিয়েছেন, এই পথে বেশিদিন টিকে থাকা যায় না। ইতিহাস তা বলে না। সুতরাং আবেগের বশবর্তী হয়ে যান, আপেক্ষিক দয়ায় যান, এই পথ পরিহার করতে হবে।’
কারফিউ জারি করতে বললেন কেসিসির প্রশাসক
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘খুলনা এখন সন্ত্রাসে নিমজ্জিত। কয়েকটি সন্ত্রাসী গ্রুপ ১৪ লাখ মানুষকে জিম্মি করে ফেলেছে। এই অবস্থার অবসান হওয়া দরকার। অবিলম্বে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকব্যবসা দমনে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান এবং প্রয়োজনে কারফিউ জারি করে সন্ত্রাসীদের গ্রেফতার করা দরকার।’
মঞ্জু বলেন, ‘খুনিরা মানুষ খুন করছে, চাঁদাবাজি করছে এবং মাদকের বাজার বসিয়েছে। প্রতিবাদ করলেই তাদের হত্যা করা হচ্ছে। এ পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ থেকে ১০ জন কর্মীকে তারা হত্যা করেছে। এ অবস্থা চলতে থাকলে খুলনার মানুষ বাঁচবে না, কোনও উন্নয়ন খুলনায় হবে না। মানুষ অন্ধকার আচ্ছন্ন একটা শহরে বসবাস করছে। ব্যবসায়ীরা ইতিমধ্যে খুলনা ত্যাগ করেছেন। অনেকে বাকরুদ্ধ হয়ে গেছেন। পরিস্থিতি এমন যে কার কাছে বলবে, যদিও ফাঁস হয়ে যায় তাহল সে গুলির শিকার হবে, হত্যার শিকার হবে। এজন্য চাঁদা দিচ্ছে সবাই, কিন্তু কেউ মুখ খুলছে না। একটা নীরব চাঁদাবাজি চলছে খুলনা শহরে। আবার এই চাঁদা কিন্তু ছোটখাটো অংকের না, লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা। পাঁচ-ছয়টা গ্রুপ চাঁদাবাজি করছে, মানুষকে জিম্মি করে। মানুষকে হত্যা করে। তবে আমরা এর অবসান চাই। এজন্য প্রধানমন্ত্রীকে সরাসরি হস্তক্ষেপ করতে হবে। সব বাহিনী নিয়ে একটা যৌথ বাহিনী গঠন করে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে হবে।’
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক আরও বলেন, ‘প্রয়োজনে খালেদা জিয়া ম্যাডামের সন্ত্রাস দমনের মডেলটা নিতে হবে, যেটা আমি একটা সংবাদ সম্মেলনে বলেছিলাম। ম্যাডাম দেড়শ পুলিশ ক্যাম্প করেছিলেন খুলনা বিভাগে এবং এই অঞ্চলে বিশেষ গোয়েন্দা নজরদারির জন্য গোয়েন্দাদের আনা হয়েছিল। ক্রসফায়ার অমানবিক, সরকার বন্ধ করেছেন। সরকারের এই অস্ত্রটি আওয়ামী লীগ আমলে অসৎ ব্যবহার হওয়ার কারণে কোনও পপুলার গভর্নমেন্ট এটি করতে চান না। কিন্তু আজকে সবার হাততালিতে মনে হয়েছে যে বিশেষ প্রয়োজনে ক্রসফায়ার খুব পপুলার। এই অঞ্চলটা পরিষ্কার করতে হবে যেকোনো মূল্যে। পাবলিককে নিরাপদ শহর গড়ার অঙ্গীকার আমাদের প্রধানমন্ত্রীর, এটি বাস্তবায়ন করতে হবে।’
সন্ত্রাসীদের সঙ্গে পুলিশ ও প্রশাসনের গোপন আঁতাত আছে কিনা
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, ‘পুলিশ ও প্রশাসনের উদাসীনতা প্রমাণ করে যে এই সমস্ত সমাজবিরোধী লোকের সঙ্গে যদি আপনাদের যোগসূত্র না থাকে, তাহলে তারা এখনও কীভাবে আপনাদের এই সমাজে দাপিয়ে বেড়ায়? মানুষকে ভয় দেখায়। আমি এও বলেছি, আমাদের বিপ্লবের সঙ্গে যারা জড়িত, গণ-অভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত, তাদেরও যদি কেউ এর সঙ্গে সম্পৃক্ত থাকে, আপনি তাদের চিহ্নিত করুন, গ্রেফতার করুন। আপনি যেহেতু চিহ্নিত এবং গ্রেফতার করতে পারেননি, তাহলে নিশ্চয়ই আমার বলতে দ্বিধা নেই, একটা বিপ্লবী সরকারের প্রতিনিধি হিসেবে যে এই সমস্ত ক্রিমিনালসের সঙ্গে আপনাদের কোনও গোপন আঁতাত আছে কি না? না থাকলে কেন তাদের গ্রেফতার করছেন না।’
খুলনা-২ আসনের জামায়াতের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, ‘খুলনার মানুষ নিরাপত্তা, স্বস্তি ও স্বাভাবিক জীবনযাপন করতে চান। কিন্তু বর্তমানে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করছে। কখন, কোথায় কী ঘটনা ঘটে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন নগরবাসী। ভয়ে অনেকে শহর ছেড়ে চলে যাওয়ার উদ্যোগ নিচ্ছেন। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ করছেন, মানববন্ধন করছেন। চিকিৎসাসেবায় নিয়োজিত ব্যক্তিরাও নিরাপত্তার দাবিতে প্রতিবাদে নেমেছেন। এটি সবার জন্য লজ্জার।’
তিনি বলেন, ‘ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলার পরও যদি চাঁদাবাজি অব্যাহত থাকে, তাহলে মানুষ স্বস্তি পাবে কীভাবে? অভিযানও সফল হচ্ছে, আবার চাঁদাবাজিও চলছে—এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ নজরদারি ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। শুধু বক্তব্য বা আশ্বাসে নয়, বাস্তবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক ও পেশাজীবী নেতাদের সহযোগিতা চেয়েছে। আমি আমার জায়গা থেকে সেই সহযোগিতা দিচ্ছি। আমার নির্বাচনী এলাকায় কোনও চাঁদাবাজি হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে কেউ চাঁদাবাজি করার সাহস না পায়।’
সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায়
খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, ‘খুলনায় অপরাধ দমনে দৃশ্যমান কোনও অভিযান দেখা যাচ্ছে না। শুধু তালিকা তৈরি করে অপরাধীদের সতর্ক হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। মহানগরীতে খুন, চাঁদাবাজি ও মাদকের কারবার চলছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।’
তিনি বলেন, ‘নগরীর পাঁচ থানা ছাড়াও বটিয়াঘাটা, রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও ডুমুরিয়ায় জমি দখল, চাঁদাবাজি, হত্যা ও মাদক কারবারের অভিযোগ রয়েছে। সন্ত্রাসীরা কোথায় অবস্থান করছে, তা প্রশাসন জানলে তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন?’
যা বলছে পুলিশ
খুলনা জেলার এসপি সরদার ওমর ফারুক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছে। সামনে ব্লক রেইড অভিযানের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মোটরসাইকেলকেন্দ্রিক অভিযান জোরদার করা হচ্ছে। বিভিন্ন থানার সীমানাসংলগ্ন এলাকাতেও সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
আমরা ১৪ লাখ মানুষ জিম্মি, কারফিউ জারি করতে বললেন বিএনপি নেতা মঞ্জু