চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা, পদ পেলেন যারা

চাঁদপুর জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফয়সাল আহমেদ বাহার।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন দিয়েছেন।

একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে চাঁদপুর জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে নুরুল আমিন খান আকাশ সাধারণ সম্পাদক ও ফয়সাল আহমেদ বাহার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চাঁদপুর জেলা যুবদলের নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে কমিটি ঘোষণার পর রাতে শহরে আনন্দ মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।