বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘সংস্কারের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনতে হবে, যাতে নতুন করে কোনও শেখ হাসিনা কিংবা ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রক্ষমতায় বসতে না পারে। ১৯৭২ সালের সংবিধানে থাকা ফ্যাসিবাদী ব্যবস্থা পরিবর্তন করা না গেলে ক্ষমতায় গিয়ে যে কেউ পাঁচ বছর পর নতুন স্বৈরাচারে পরিণত হবে।’
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের কাচারি শহীদ মিনার এলাকায় আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, মুন্সীগঞ্জের সড়ক দ্রুত মেরামত, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ নাগরিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সীগঞ্জ জেলা শাখা।
মামুনুল হক বলেন, ‘দেশের ৭০ শতাংশ মানুষ ভোট দিয়ে রাষ্ট্র মেরামতের পক্ষে গণভোটে রায় দিয়েছেন। অথচ ক্ষমতায় গিয়ে বিএনপি সরকারের মুখপাত্ররা সংসদে দাঁড়িয়ে গণভোটকে অবৈধ বলছেন। রাষ্ট্র মেরামতের জন্য দেওয়া গণভোট অবৈধ হলে সরকার গঠনের ভোট বৈধ হয় কীভাবে—এ কেমন দ্বৈতনীতি? ৭০ শতাংশ মানুষের ভোট অবৈধ হলে ৫০ শতাংশ মানুষের ভোট কীভাবে বৈধ হয়? গণভোট যদি অবৈধ হয় তাহলে এই সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে। এই সরকার ও তাদের প্রধানমন্ত্রিত্বও অবৈধ হয়ে যাবে।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদের আলোকে বাংলাদেশ পুনর্গঠনের ঘোষণা দিলে ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র মেরামতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত আছি আমরা। তবে আলেম-ওলামাদের ভুল বুঝিয়ে বা কিনে নিয়ে ৭০ শতাংশ জনগণের সঙ্গে গাদ্দারি করানো যাবে না। আলেম সমাজ কখনই জুলাই শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করবে না।’
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের নায়েবে আমির মুহাম্মদ মাহবুবুল হক, নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, কেন্দ্রীয় খেলাফতে মজলিসের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, মুন্সীগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ হাসান, মুন্সীগঞ্জ শাখার সহসভাপতি মুফতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান প্রমুখ।