মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আল রাফিকে (২৪) আটক করেছে পুলিশ। 

সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সৈয়দাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আল রাফি উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের মালেক মিয়ার ছেলে। তিনি কুটি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন আল রাফি। ওই পোস্টে তিনি কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট সফল করার আহ্বান জানান।

কসবা থানার এসআই হারুনর রশীদ আল রাফিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি চলছে।