বাণিজ্যিক নগরীতে ধারাবাহিক নাশকতা-অগ্নিসংযোগ, উদ্বেগ-আতঙ্ক

দেশের অন্তত ২২টি জেলায় দুই দিনের ধারাবাহিক নাশকতা, আগুন ও সহিংসতার ঘটনায় চার জন নিহত হয়েছেন। রাজধানী থেকে শুরু করে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ককটেল বিস্ফোরণ, যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ এবং হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে বিশেষ করে বাণিজ্যিক নগরী চট্টগ্রামে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ধারাবাহিক ঘটনায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

সবশেষ গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, টাঙ্গাইল, যশোর, ফরিদপুর, দিনাজপুর, পিরোজপুর, নেত্রকোনা, মেহেরপুর, হবিগঞ্জ, নড়াইল, কক্সবাজার এবং নাটোরসহ ২২টি জেলায় এসব নাশকতার খবর পাওয়া গেছে। এর মধ্যে নড়াইলে দুজন, পিরোজপুরে একজন ও ফরিদপুরে একজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনই বিএনপির নেতা। বাকি একজন পিরোজপুরে বাসের হেলপার। তাকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়।

বাণিজ্যিক নগরী চট্টগ্রামে একের পর এক হামলা

বাণিজ্যিক নগরী চট্টগ্রামে একের পর এক হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সরকারি স্থাপনা, বিএনপি নেতাদের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান, পুলিশ বক্স, ব্যাংক কার্যালয় এবং যানবাহন লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। গত কয়েক দিনে নগরী ও জেলার বিভিন্ন এলাকায় অন্তত কয়েকটি অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

বিএনপির পক্ষ থেকে এসব হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে। পুলিশও কয়েকটি ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে। 

সর্বশেষ বুধবার (১৮ নভেম্বর) রাতে চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির কাছাকাছি রামদা, লগি ও বৈঠা হাতে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই রাতে নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলদ্বীপ এলাকার একটি সড়কে এ মিছিল হয়। ওই সড়ক থেকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাসভবনের দূরত্ব প্রায় ১০০ মিটার। মিছিলে অংশ নেওয়া প্রত্যেকের মাথায় হেলমেট ছিল। মিছিল শেষে তারা সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে চলে যান।

অন্যদিকে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বাড়িটি সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকার পরও কীভাবে সেখানে আগুন দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পেট্রোল বোমা ছুড়ে বাড়িটির নিচতলায় আগুন ধরিয়ে দেন। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই পুলিশ তা নিভিয়ে ফেলে। এতে কেউ হতাহত হননি।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগর ও জেলার বিভিন্ন স্থানে একাধিক অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত ১টার দিকে নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বক্সের জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়াতে পারেনি। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বক্সটির জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।’

একই রাতে বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে আগুন দেওয়া হয়। রাত পৌনে ৩টার দিকে দুই থেকে তিনজন ব্যক্তি বাড়ির সামনে জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, বিষয়টি রাতে টহল দায়িত্বে থাকা রমদাশমুন্সির পুলিশ বিটের এসআই বাবুকে জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন এবং পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেবেন।

বাঁশখালী থানার ওসি রবিউল হক বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় যাতে কোনও ধরনের নাশকতা বা অগ্নিসন্ত্রাসের ঘটনা না ঘটে, সে জন্য পুলিশকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

একই রাতে জেলার সাতকানিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া অফিস ভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগ করা হয়। ওই ভবনে ব্যাংকের এরিয়া অফিস ও ঢেমশা শাখা অবস্থিত। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। গভীর রাতে জানালা দিয়ে তারা প্রধান ফটকে আগুন জ্বলতে দেখেন। পরে নিচে নেমে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, অগ্নিসংযোগের বিষয়টি বুঝতে পেরে ভবনে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলে বোতলজাতীয় কোনও বস্তু ব্যবহার করে আগুন লাগানোর আলামত পাওয়া গেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

দিনদুপুরে বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

মঙ্গলবার দিনদুপুরে নগরের খাতুনগঞ্জে বিএনপি নেতা মো. শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। এমইবি গ্রুপ অব কোম্পানিজের (ইলিয়াস ব্রাদার্স) কার্যালয়ে এ হামলা চালানো হয়।

শামসুল আলমের অভিযোগ, কয়েকজন যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লাঠিসোঁটা হাতে তার প্রতিষ্ঠানে হামলা চালায় এবং দরজার আয়না ভাঙচুর করে। এ সময় আশপাশের ব্যবসায়ী ও শ্রমিকেরা তাদের ধাওয়া করেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে জড়িত সন্দেহে দুজনকে আটক করে। শামসুল আলমের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা ও ভাঙচুর চালিয়েছে।

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

এর আগে গত ৯ নভেম্বর রাত থেকে ১০ নভেম্বর ভোর পর্যন্ত নগরের তিনটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে আকবরশাহ থানার নিউ মনসুরাবাদ ও পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া খুলশী থানার পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় পুলিশের জব্দ করা একটি ট্রাকে আগুন দেওয়া হয়।

গত ৯ নভেম্বর রাত ১২টার দিকে আনোয়ারা উপজেলার গ্রামীণ ব্যাংকের বারখাইন শাখা কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় দায়িত্বরত নিরাপত্তাকর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ব্যাংকের কিছু পুরোনো নথিপত্র পুড়ে যায়।

একই দিন রাতে নগরের ব্যস্ততম নিউমার্কেট এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আকস্মিক বিস্ফোরণে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে ৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে নগরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় এবং চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে কেউ হতাহত হননি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানান, দুটি কার্যালয়ের সামনে মোট তিনটি পেট্রোল বোমা ছোড়া হয়েছিল। এলজিইডি কার্যালয়ের সামনে পড়ার পর বোমাগুলো ভেঙে যাওয়ায় আগুন ধরেনি। অন্যদিকে, চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া পেট্রোল বোমাটি আট থেকে ১০ সেকেন্ড জ্বলে নিভে যায়। পরে কার্যালয়ের কর্মচারীরা সেটি নালায় ফেলে দেন।

এদিকে এসব হামলা ও অগ্নিসংযোগের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। খোঁজ নিয়ে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক আইডি থেকে এসব ছবি ও ভিডিও প্রচার করা হচ্ছে। হামলার পাশাপাশি সেগুলোর ভিডিও প্রচারের মাধ্যমে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হচ্ছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, ‘জ্বালাও-পোড়াও-সন্ত্রাস এগুলো আওয়ামী লীগের জাতীয় চরিত্র। বাসে কিংবা নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিয়ে আওয়ামী লীগকে আর এ দেশে প্রতিষ্ঠা করা যাবে না। আওয়ামী লীগ জনরোষে পালিয়ে গেছে। তারা আর ফিরতে পারবে না। প্রশাসন সজাগ আছে। জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, অগ্নিসংযোগসহ যেসব নাশকতার ঘটনা ঘটছে, সেগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।