গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ঘুনসি গ্রামে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের দাবি, আজ সকালে জয় বাংলা স্লোগান দিয়ে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। এ সময় মোসাদ্দিকের পৈতৃক বাড়িতে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি তার চাচা বুরহানের (৫৫) বাড়িতেও হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলেও জানান পরিবারের সদস্যরা।
মোসাদ্দিকের ফুফু আফিয়া বেগম বলেন, ‘সকালে জয় বাংলা স্লোগান দিয়ে কিছু লোক দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। ঘটনার আগে পরিবারের সদস্যরা নিরাপদ স্থানে সরে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া হামলার সময় প্রচণ্ড বৃষ্টি থাকায় হামলাকারীরা তুলনামূলক কম ভাঙচুর করতে পেরেছে।’
এর আগে বুধবার রাতে একদল ব্যক্তি তার গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগুনে বাড়ির একাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে আবারও বাড়িটিতে হামলা ও ভাঙচুর চালানো হয়। তবে হামলার আগেই পরিবারের সদস্যরা অন্যত্র সরে যাওয়ায় কেউ হতাহত হননি।
মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘আমার বাড়িতে হামলার ঘটনাটি সাবেক সংসদ সদস্য ফারুক খানের নির্দেশে হয়েছে। গতকাল রাতে আগুন দেওয়ার পর আজ সকালেও বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তবে আমার পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন। হামলার সময় প্রচণ্ড বৃষ্টি থাকায় তুলনামূলক কম ভাঙচুরের সুযোগ পেয়েছে হামলাকারীরা।’
এদিকে, নিজের ফেসবুক স্ট্যাটাসে মোসাদ্দিক লেখেন, ‘আমার গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা।’
এ ঘটনার নিন্দা জানিয়ে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, ‘ডাকসুর সাহিত্য সম্পাদক ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট লীগের সন্ত্রাসীরা। গতকাল গভীর রাতে মোসাদ্দিকের ফুফুর বাড়িতেও কাপুরুষের মতো আগুন দিয়েছে এই সন্ত্রাসী বাহিনী।’
তিনি আরও বলেন, ‘আগস্টে পালিয়ে যাওয়া দেশের শত্রুরা আবারও নতুন হিংস্রতা নিয়ে ফিরে এসেছে। চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করেছে তারা। এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে বাংলাদেশের জনগণ।’