রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায় বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?

২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দায়ী করে ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনও রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করলেন আদালত। রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযানের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে বিচারকরা ৯-৬ ভোটে এই রায় দেন।

রায়ের পরপরই বাংলাদেশের কক্সবাজারের শিবিরগুলোতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা উল্লাস করেছেন। রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকারও। এতে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এই রায়ের পর রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যেতে পারবে কিনা তা নিয়ে ভিন্নমত রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বলেছেন, এই রায়ের ভিত্তিতে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক মহল আরও চাপ তৈরি করবে। আর মিয়ানমারের সিত্তে মিশনে বাংলাদেশের সাবেক হেড অব মিশন মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেছেন, আইসিজের এই রায় বাংলাদেশের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়।

রায়ে কী বলা হয়েছে

জাপানের বিচারক ইউজি ইওয়াসাওয়ার পড়া রায়ে বলা হয়, রাখাইনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে এবং শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতা করেছে। গ্রামগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করে সেখানে স্থায়ী কাঠামো তৈরি করা হয়েছে এবং রোহিঙ্গা ছাড়া অন্য জনগোষ্ঠীকে বসতি দেওয়া হয়েছে। সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে এই জনগোষ্ঠীর সদস্যদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করেছে। উচ্চপদস্থ কর্মকর্তারা রোহিঙ্গাদের সহিংস হুমকি হিসেবে চিত্রিত করে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছেন।

আদালত বলেছে, বাড়িঘর ধ্বংস হওয়ায় যারা পালিয়েছেন, তাদের ফেরার সুযোগ খুব কম বা একেবারেই নেই। বিশেষ করে শিশুদের বিরুদ্ধে সংঘটিত কর্মকাণ্ড থেকে প্রমাণিত হয়, জন্ম প্রতিরোধ করাই ছিল সামরিক বাহিনীর অভিপ্রায়। সশস্ত্র বেসামরিক ব্যক্তি ও মিত্র মিলিশিয়ারা অভিযানে অংশ নেওয়ার সময় গণহত্যার ঝুঁকির কথা মিয়ানমারের সামরিক বাহিনী জানত বলেও আদালত উল্লেখ করেছে। ইওয়াসাওয়া বলেন, এভাবে মিয়ানমার গণহত্যা প্রতিরোধের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

মিয়ানমারের প্রতি আদেশ

আইসিজে মিয়ানমারকে সব ধরনের সহিংসতা বন্ধ করতে বলেছে। দেশটিকে দায়ীদের তদন্ত, দোষীদের বিচার ও শাস্তি এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার নিশ্চয়তা দিতে হবে। মানবাধিকারকর্মীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী আদালত প্রত্যর্পণ ও ক্ষতিপূরণের ব্যবস্থা চালুরও নির্দেশ দিয়েছে। এর আওতায় মিয়ানমারকে যা করতে হবে সেগুলোর মধ্যে রয়েছে, রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের অনুমতি দেওয়া ও তা সহজ করা, ক্ষতিগ্রস্ত সব যৌথ সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা প্রতিস্থাপন করা, নিখোঁজদের খোঁজে সহায়তা ও যথাযথ দাফন নিশ্চিত করা, মানসিকভাবে আঘাতপ্রাপ্তদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থা এবং নিপীড়ন থেকে সুরক্ষা দেওয়া।

ক্ষতিপূরণের পরিমাণ আদালত নির্ধারণ করতে পারেনি। তবে মিয়ানমারকে দুই বছরের মধ্যে একটি পরিকল্পনা-সংবলিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রোহিঙ্গা নেতার প্রতিক্রিয়া

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের বলেন, এই রায়কে তারা ন্যায়বিচার, জবাবদিহি ও অধিকার প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। ১৯৪২ সাল থেকে রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন শুরু হয়, যা ২০১৭ সালে ভয়াবহ গণহত্যার রূপ নেয়।

জোবায়ের বলেন, রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার শুধু নির্যাতনের স্বীকৃতি কিংবা দায়ীদের জবাবদিহির মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে আমাদের জাতিগত পরিচয়, নাগরিকত্ব, মৌলিক অধিকার এবং নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার অধিকারও জড়িত।

তিনি আরও বলেন, আইসিজের এই অগ্রগতি কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ জোরদার করা দরকার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে রাখাইনে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নাগরিকত্ব ও চলাচলের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে মর্যাদাপূর্ণ, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে।

জোবায়েরের মতে, অন্যথায় সংকট দীর্ঘায়িত হবে এবং বাংলাদেশের ওপর আশ্রয়, মানবিক সহায়তা ও নিরাপত্তাসংক্রান্ত চাপ আরও বাড়বে। তাই রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশের পাশেও আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।

‘বাংলাদেশের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়’

মিয়ানমারের সিত্তে মিশনে বাংলাদেশের সাবেক হেড অব মিশন মেজর (অব.) এমদাদুল ইসলাম ভিন্ন মত দিয়েছেন। তিনি বলেন, আইসিজের এই রায় বাংলাদেশের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তবে মিয়ানমারের ওপর এটি একধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় আবারও জানতে পারবে, রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যা চালানো হয়েছে এবং তাদের ক্ষতিপূরণের বিষয়টিও আদালতে উঠে এসেছে।

তিনি বলেন, ২০১৯ সালে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে যে মামলা দায়ের করেছিল, সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসন-সংক্রান্ত কোনও আবেদন ছিল না। ফলে আইসিজে প্রত্যাবাসন নিয়ে কোনও নির্দেশনা দেবে, এমন প্রত্যাশা করাও বাস্তবসম্মত নয়। আদালতের এই রায়ের সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সরাসরি কোনও সম্পর্ক নেই।

রায় বাস্তবায়নের সীমাবদ্ধতা নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের নিজস্ব কোনও প্রয়োগকারী ক্ষমতা নেই। আদালতের রায় বাস্তবায়নের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেতে পারে। কিন্তু সেখানে মিয়ানমারের পক্ষে চীন ও রাশিয়ার অবস্থান রয়েছে। নিরাপত্তা পরিষদে এই দুই দেশের যেকোনও একটি ভেটো দিলে রায় বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে। তাই এই রায় বাস্তবে কার্যকর হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে মনে করি না।

এমদাদুল আরও বলেন, এই রায়ের সবচেয়ে বড় প্রভাব হবে মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক। আন্তর্জাতিক অঙ্গনে আবারও স্পষ্ট হবে যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছে। তবে প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যাশিত কোনও অগ্রগতি এই রায়ের মাধ্যমে আসবে বলে মনে হয় না।

প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশকেই উদ্যোগ নিতে হবে। এ জন্য জোরালো কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। বাংলাদেশের জন্য এই রায়ের গুরুত্বপূর্ণ দিক হলো, গত নয় বছর ধরে দেশটি যে বিপুলসংখ্যক রোহিঙ্গার বোঝা বহন করছে, সেই বাস্তবতা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে আবারও উঠে এসেছে।