বৃষ্টির মধ্যে পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে আগুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে পেট্রোল ঢেলে আগুন ও জানালার গ্লাস ভাঙচুর করেছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মীরা। এতে অফিসটির একটা দরজা পুড়ে গেছে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করেন।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে চৌমুহনী পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির মধ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে চৌমুহনী পূর্ব বাজারে মিছিল করে। তাদের হাতে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ মিছিলের একটি ব্যানার ছিল। যেখানে জেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের নাম ছিল। মিছিল নিয়ে তারা গ্রামীণ ব্যাংকের গেটে যান এবং সামনের দরজার বিভিন্ন অংশে পেট্রোল ঢেলে আগুন দেন। একই সময় তারা অফিসটির বাইরের জানালার গ্লাস ভাঙচুর করেন। আগুনে ওই দরজার কিছু অংশ পুড়ে গেছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যাই। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।