ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে জিপগাড়ির চাকা মেরামতের সময় লরির ধাক্কায় ওয়াজেদ আলী (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে লালপোল বাজারসংলগ্ন মধুপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াজেদ আলী ঢাকার বাড্ডা থানার খিলবাড়ির টেক পশ্চিম এলাকার বাসিন্দা। তিনি জামাল আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চলন্ত অবস্থায় জিপগাড়িটির একটি চাকা পাংচার হয়ে যায়। পরে চালক ওয়াজেদ আলী মহাসড়কের পাশে গাড়িটি থামিয়ে চাকা মেরামতের কাজ শুরু করেন। এ সময় একই লেনে পেছন থেকে আসা দ্রুতগতির একটি লরি (লং ভেহিকেল) জিপগাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান ওয়াজেদ।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক নুরুল আফছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনায় জড়িত জিপ ও লরি জব্দ করা হয়েছে। পরে সরকারি রেকারের মাধ্যমে গাড়ি দুটি থানায় নেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।