১৪ বছর পেরিয়ে গেছে। কিন্তু আগুনের সেই ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করে ফেরে তাজরীন ফ্যাশনসের বেঁচে ফেরা শ্রমিকদের। কারও শরীরে আগুনের ক্ষত, কেউ হারিয়েছেন স্বাভাবিকভাবে চলাফেরার সক্ষমতা। দীর্ঘ চিকিৎসার পরও অনেকে ফিরতে পারেননি কর্মজীবনে। কারও দিন কাটছে অন্যের ওপর নির্ভর করে, কেউ সামান্য আয়ের আশায় ঘরে বসে করছেন সেলাইয়ের কাজ। ঘটনার পর সহযোগিতার আশ্বাস মিললেও আহত শ্রমিকদের অনেকের অভিযোগ, পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসন—কোনোটিই নিশ্চিত হয়নি।
২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসের কারখানায় আগুন লাগে। ভবনের আটতলা থেকে ছড়িয়ে পড়া আগুনে প্রাণ হারান ১১৩ জন শ্রমিক। আহত হন দুই শতাধিক। আগুন থেকে বাঁচতে অনেকে ভবন থেকে লাফিয়ে পড়েছিলেন। সেদিনের মৃত্যু, আর্তনাদ ও অসহায়ত্বের স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের। আজ ২৪ নভেম্বর, সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৪ বছর পূর্ণ হলো। কারখানার আশপাশের বাসিন্দাদের কাছেও দিনটি এখনও বিভীষিকাময় স্মৃতি হয়ে আছে।
স্মৃতি এখনও তাড়া করে
তাজরীন কারখানায় আগুন লাগার দিন বাড়িতেই ছিলেন স্থানীয় বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব কামরুল হাসান। কারখানার কাছাকাছি থাকায় আগুনের ভয়াবহতা খুব কাছ থেকে দেখেছেন তিনি। সেই রাতে তার নিজের ঘরও আগুনে পুড়ে যায়। স্মৃতিচারণ করে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রায় ১৫ বছর ধরে আমি এখানে থাকি। ঘটনা যখন ঘটে, আমি পাশেই ছিলাম। আমার ঘরও পুড়ে যায়। কিছুই বের করতে পারিনি। বহু দুর্ঘটনা দেখেছি। কিন্তু এত বড় দুর্ঘটনা জীবনে দেখিনি। কী যে হাহাকার মানুষের! মানুষকে কোনও সহায়তা করার কিছু ছিল না। মানুষ বাঁচার জন্য এত কিছু করলো, কিন্তু বাঁচতে পারেনি। তারা কাজ করছিল। কিন্তু হঠাৎ সন্ধ্যার দিকে আগুন লাগলো। সারা রাত ধরে সেই আগুন জ্বলছিল। অ্যাম্বুলেন্সের আওয়াজ সারা রাত। মানুষ এমনভাবে লাফিয়ে পড়ছে—ওয়ালের ওপর, রডের ওপর। আর বাঁচার কী আকুতি, কাকুতিমিনতি করছে।’
আরেক প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামের স্মৃতিতেও এখনও স্পষ্ট সেই রাতের দৃশ্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেখেছিলেন দাউদাউ করে জ্বলতে থাকা কারখানা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগুনের কথা শুনে দৌড়ে এখানে আসি। এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। তাপ ছড়িয়ে পড়ে আশপাশেও। অনেকেই ছাদের ওপর লাফিয়ে পড়েছে। অনেকেই পুড়ে মারা যায়। বীভৎস সেই দৃশ্য এখনও চোখে ভাসে। এটা এখন চিতাখোলার মতো হয়ে গেছে। মালিক তো এভাবেই ফেলে রাখছে। দুর্ঘটনা যেটা ঘটেছে, ১৩-১৪ বছর হয়ে গেছে। এখনও চোখে সেই আগুন ভাসে। আগুন ধরলো, মানুষ ছিল অনেক। কেউ লাফ দিলো, কেউ দৌড়ালো। এরপর কত লাশ। ওই দৃশ্য ভাবলে এখনও আঁতকে উঠি।’
শরীরের ক্ষত নিয়ে চলছে জীবনসংগ্রাম
আগুন থেকে প্রাণে বেঁচে গেলেও অনেক শ্রমিকের জীবনে আর স্বাভাবিকতা ফেরেনি। কারও শরীরে স্থায়ী আঘাত, কারও চলাফেরায় সীমাবদ্ধতা। চিকিৎসার জন্য সাময়িক সহযোগিতা মিললেও পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ ও পুনর্বাসন না পাওয়ার আক্ষেপ রয়েছে তাদের। জীবিকার তাগিদে কেউ কেউ পেশা পরিবর্তন করেছেন। আহত শ্রমিকদের দাবি, পরিত্যক্ত কারখানাটিতে আবার উৎপাদন কার্যক্রম চালু করা হোক। সেখানে তাদের জন্য কর্মসংস্থান, বাসস্থান কিংবা বিকল্প জীবিকার ব্যবস্থা করা হোক।
এমনই একজন সবিতা রানি। তাজরীন ফ্যাশনসে সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। বেতনও ভালো ছিল। অগ্নিকাণ্ডের দিন কারখানার তৃতীয় তলায় ছিলেন। সন্ধ্যায় ফায়ার অ্যালার্ম বেজে উঠলে আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ফ্লোর। জীবন বাঁচাতে অন্যদের সঙ্গে তিনিও তৃতীয় তলা থেকে লাফ দেন। পরে সংজ্ঞাহীন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘ চিকিৎসার পর পেটের দায়ে কাজে ফিরলেও আগের মতো শারীরিক সক্ষমতা আর ছিল না তার। কারখানায় কাজের চেষ্টা করেও পাননি। পরে কয়েকজন আহত শ্রমিককে নিয়ে নিজেরাই কারখানা চালুর উদ্যোগ নেন। কিন্তু পুঁজির অভাবে সেই উদ্যোগও সফল হয়নি।
সবিতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এরপর অনেক কষ্টে একটা সেলাই মেশিন কিনে বাসায় টুকটাক সেলাইয়ের কাজ করছি। আমার দিন খুব কষ্টে যাচ্ছে। ভারী কাজ করতে পারি না। ব্যথার যন্ত্রণায় প্রতিদিন রাতে কান্না করে ঘুমাই। ঘুম নাই। পরিবারের ওপর বোঝা হয়ে গেছি। এ জীবন থাকার চেয়ে না থাকা ভালো।’
ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য সরকারের দেওয়া সহায়তা চিকিৎসার পেছনেই শেষ হয়ে গেছে বলে জানান সবিতা। এখন আর সহায়তা নয়, ক্ষতিপূরণ চান তিনি। তার ভাষায়, ‘দুর্ঘটনার পর সরকার তাদের যে সাহায্য করেছে, তা চিকিৎসার পেছনেই শেষ হয়ে গেছে। আমরা সাহায্য চাই না, ক্ষতিপূরণ চাই। যাতে আমরা ভালোভাবে, সুস্থভাবে চলতে পারি, সরকার ও বিজিএমইএ যেন তাদের জন্য এ ধরনের ব্যবস্থা করে। সরকার আশ্বাস দিয়েছে। এগুলো বাস্তবায়ন করলে তাও একটু বাঁচতে পারবো। যারা মরে গেছে, তারাই বেঁচে গেছে। আমরা যারা বেঁচে আছি, দেহটা ধুঁকে ধুঁকে শেষ। ১৪ বছর চলে গেলো, এখনও কিছু পেলাম না।’
একই কারখানার সুইং সেকশনের শ্রমিক ছিলেন মুক্তাবানু। অগ্নিকাণ্ডের সময় তিনি ছিলেন চারতলায়। আগুন লাগার আগে ফায়ার অ্যালার্ম বেজে উঠলেও সুপারভাইজাররা শ্রমিকদের নিচে নামতে দেননি বলে অভিযোগ তার। শেষ পর্যন্ত জানালা ভেঙে লাফিয়ে বাইরে আসেন তিনি।
মুক্তাবানু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি তাজরীন গার্মেন্টসের সুইং সেকশনের চারতলায় কাজ করতাম। ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে। এতে আতঙ্কিত হয়ে আমরা নিচে নামার চেষ্টা করি। কিন্তু সুপারভাইজাররা বলেন, কিছু হয়নি, সবাই যেন কাজে ফিরে যান। আমরা বারবার নিচে যাওয়ার কথা বললেও আমাদের যেতে দেওয়া হয়নি। দুই-তিন মিনিট পর হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে পুরো কারখানা অন্ধকার হয়ে যায়। তখন সবাই চিৎকার করতে থাকেন। স্যাম্পল রুমে থাকা লোহার টুল দিয়ে জানালা ভেঙে আমরা বের হওয়ার চেষ্টা করি। এরপর জানালা দিয়ে লাফিয়ে বাইরে আসি।’
লাফিয়ে পড়ার সময় শরীরের বাম পাশে গুরুতর আঘাত পান মুক্তাবানু। মাথা, কান, হাত, পিঠ ও কোমরের সমস্যা এখনও ভোগাচ্ছে তাকে। দৈনন্দিন কাজের জন্যও অন্যের সাহায্য নিতে হয়। চিকিৎসা ও ক্ষতিপূরণ বাবদ কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে দেড় লাখ টাকা পেয়েছিলেন। এর বাইরে আর কোনও সহায়তা পাননি বলে জানান তিনি। অন্য শ্রমিকদের কেউ কেউ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঁচ হাজার টাকা এবং বিভিন্ন সংস্থা থেকে এক লাখ টাকা পেলেও তিনি এসব সহায়তা পাননি।
শারীরিক জটিলতা বাড়ার সঙ্গে সঙ্গে তার স্বাভাবিক জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে। মুক্তাবানু বলেন, ‘সময়ের সঙ্গে আমার শারীরিক সমস্যা আরও বেড়েছে। আগে কেবল কান ও মাথায় সমস্যা ছিল, এখন চোখ, নাক, ঘাড়, দাঁত, হাত-পা, কোমর ও পিঠেও নানা সমস্যা দেখা দিয়েছে। স্বাভাবিকভাবে হাঁটাচলা, ওঠাবসা কিংবা কোনও কাজ করতে পারি না। সংসার চলে স্বামীর উপার্জনে। স্বামী রাজমিস্ত্রির জোগালির কাজ করেন। কোনও রকমে ডাল-ভাত খেয়ে দিন কাটে। নিজের পক্ষে সংসারের কাজ করাও সম্ভব হয় না। অনেক সময় সন্তান কিংবা স্বামীর সাহায্য নিতে হয়। আমাদের দাবি হলো, এক জীবনের সমতুল্য ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন এবং কারখানার মালিকের শাস্তি নিশ্চিত করা। সরকার ও মালিকপক্ষ বারবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিভিন্ন সময়ে আমাদের মিটিংয়ে ডাকা হয়েছে, চিকিৎসা ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে কিছুই পাইনি। সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে বারবার যোগাযোগ করেও কোনো সমাধান মেলেনি। শুধু আশ্বাসের পর আশ্বাস দেওয়া হচ্ছে। তবু আমরা আমাদের দাবি থেকে সরে আসব না।’
বিচার ও পুনর্বাসনের দাবি শ্রমিক নেতাদের
তাজরীন অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারের জন্য সহায়তা, আহত ব্যক্তিদের সুচিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন শ্রমিকনেতারা। তাদের ভাষ্য, শারীরিক অক্ষমতার পাশাপাশি কর্মহীনতা ও দীর্ঘদিনের মানসিক ট্রমা আহত শ্রমিকদের জীবনকে আরও কঠিন করে তুলেছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাজরীন গার্মেন্টসের অগ্নিকাণ্ডে ১১৩ শ্রমিক নিহত হয়েছেন এবং অসংখ্য শ্রমিক আহত ও পঙ্গুত্বের শিকার হয়েছেন। বিশেষ করে আহত শ্রমিকদের অনেকে এখনও মানসিক ট্রমার মধ্যে রয়েছেন। বড় কোনও ভবন কিংবা আগুন দেখলে তারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকের মধ্যে এখনও ভয় কাজ করে, যার কারণে স্বাভাবিকভাবে কাজ করাও কঠিন হয়ে পড়েছে। তাদের প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসা নিশ্চিত করা হয়নি। এখনও সময় রয়েছে, আহত শ্রমিকদের প্রয়োজন অনুযায়ী মূল্যায়ন করে কার কী ধরনের চিকিৎসা দরকার, তা নির্ধারণ এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা জরুরি। অগ্নিকাণ্ডের ১৪ বছর পার হলেও এ ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিত হয়নি। কারখানার মালিক দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া এখনও শেষ হয়নি। দেশে বিভিন্ন ঘটনায় বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হলেও ১১৩ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় তেমন বিশেষ বিচারব্যবস্থা দেখা যায়নি। এ ঘটনা বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতির একটি উদাহরণ হয়ে আছে।’
বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের (বিজিএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী (বিন্দু) অগ্নিকাণ্ডটিকে পরিকল্পিত বলে অভিযোগ করেন। একই সঙ্গে নিহত শ্রমিকদের পরিবারের ক্ষতিপূরণ এবং আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।
অরবিন্দু বেপারী বলেন, ‘২০১২ সালে তাজরীন ফ্যাশনস লিমিটেড নামে গার্মেন্টসে আগুন লাগে। মালিকপক্ষ সুপরিকল্পিতভাবে অগ্নিকাণ্ড ঘটিয়ে শতাধিক শ্রমিকের মৃত্যু ঘটায়। আজ পর্যন্ত মৃত শ্রমিকদের স্বজনেরা ক্ষতিপূরণ পাননি। আহত শ্রমিকেরা সুচিকিৎসা পাননি। সহযোগিতাও পাননি। এখানে হত্যাকাণ্ড ঘটালেও আগের সরকার মালিককে নামমাত্র গ্রেফতার করে, তারপর সে জামিন পায়। এরপর সে আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি হয়ে দাপট দেখিয়ে ঘুরে বেড়িয়েছে। বর্তমান সরকারের কাছে দাবি জানাই, আগের সরকারের আমলে শ্রমিক হত্যার বিচার হয়নি। এই সরকার তদন্ত করে শ্রমিক হত্যার বিচার করবে।’
পরিত্যক্ত কারখানার জমিতে শ্রমজীবী মানুষের জন্য হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবও দিয়েছেন তিনি। অরবিন্দু বেপারী বলেন, ‘তাজরীন ফ্যাশনসের যে পরিত্যক্ত জমি রয়েছে, সেখানে একটি শ্রমজীবী হাসপাতাল করে সরকারের অর্থায়নে শ্রমিকদের বিনামূল্যে সুচিকিৎসা দিতে পারে।’