পটিয়ায় গ্রামীণ ব্যাংকের এক শাখায় ককটেল নিক্ষেপ

চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে ব্যাংকের প্রধান ফটকে আগুন ধরে গেলেও নৈশপ্রহরীর তাৎক্ষণিক পদক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। 

শনিবার (২৮ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিংলা এলাকায় ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে দুই থেকে তিন জন মুখোশধারী ব্যক্তি ব্যাংকের সামনে এসে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। সেগুলো ব্যাংকের প্রধান ফটকে আঘাত করলে সেখানে আগুন ধরে যায়। এ সময় ব্যাংকের ভেতরে থাকা নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে দ্রুত অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে নিয়ন্ত্রণে আনে।  

গ্রামীণ ব্যাংকের পটিয়া এরিয়া ম্যানেজার কামরুল হাসান বলেন, কয়েকজন মুখোশধারী ব্যক্তি ব্যাংকের প্রধান ফটকে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে ফটকে আগুন ধরে যায়। তবে নৈশপ্রহরীর দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনে। তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমও অব্যাহত রয়েছে।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায়  ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।