বিমানবন্দরে চুরি করতে ঢুকে যুবক আটক, তাৎক্ষণিক যে শাস্তি দেওয়া হলো

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ফটক এলাকায় চুরির চেষ্টাকালে সোহেল নামে এক যুবককে আটক করেছে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়। পরে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে বিমানবন্দরের ১৫ নম্বর গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সূত্র জানিয়েছে, সকালে দায়িত্ব পালনকালে এক আনসার সদস্যের কাছে বহিরাগত এক ব্যক্তির চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে তল্লাশি করা হলে সঙ্গে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল পাওয়া যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করেন আনসার সদস্যরা।

বিষয়টি বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা তারেক জিয়া উদ্দিনকে জানানো হলে তিনি তার দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন নুর হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানানো হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে আটক চোর সোহেলকে  জিজ্ঞাসাবাদ করা হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন নুর হোসেন বলেন, সোহেল ওই অঞ্চলের চিহ্নিত ও কুখ্যাত চোর হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে এলাকায় সংঘটিত বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় এর আগেও তিনি কারাভোগ করেছেন।

আটকের পর উদ্ধার করা বৈদ্যুতিক ক্যাবল এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ছয় মাসের কারাদণ্ড দেন।