গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য মারা গেছে। শুক্রবার রাতে তার মৃত্যু হয়। শনিবার কারাগারের ফটকে সন্তানের মরদেহ নিয়ে যাওয়া হলে সেখানেই শেষবারের মতো ছেলেকে বিদায় জানান শারমিন।
শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তূর্যের মরদেহবাহী অ্যাম্বুলেন্স কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বন্দি মাকে সন্তানের মরদেহ দেখানোর সুযোগ দেওয়া হয়।
শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার বাসিন্দা। তার স্বামী শাহাদাত হোসেন নিপুন। তিনি ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন জানান, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা-পুলিশ তাদের বাসায় অভিযান চালিয়ে তার স্ত্রীকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
তিনি বলেন, তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুজনই জন্মগতভাবে প্রতিবন্ধী। ছেলে তূর্য জন্মের পর থেকেই মায়ের ওপর নির্ভরশীল ছিল। খাওয়াদাওয়াসহ দৈনন্দিন সব কাজ মা নিজেই করতেন। স্ত্রী গ্রেফতার হওয়ার পর তূর্য মানসিকভাবে ভেঙে পড়ে। তার যথাযথ দেখাশোনা করার মতো কেউ ছিল না। শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।
শাহাদাত হোসেন আরও অভিযোগ করেন, স্ত্রীকে আটকের আগে তার বিরুদ্ধে কোনও মামলা ছিল না। ষড়যন্ত্রের মাধ্যমে তাকে আটক করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়ানো হয়েছে।
এদিকে কারাগার থেকে বেরিয়ে শারমিন সুলতানার ছোট বোন শাম্মী বলেন, তার বোন ২০২২ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তার বোন একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। জামিন না পাওয়ায় সন্তানকে হারানোর সময়ও তিনি পাশে থাকতে পারেননি।
শাম্মী বলেন, আমার বোনের অভাবে তার সন্তান মারা গেল। মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে আমার বোনকে, যাতে সে শেষবারের মতো সন্তানকে দেখতে পারে।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে বন্দি শারমিন সুলতানার ছেলের মরদেহ কারাগারে আনা হয়। এ সময় পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন। পরে কারাবিধি অনুযায়ী তাকে সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।