প্রত্যাহারের চার দিন পর থানা ছাড়লেন সেই ওসি

যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁস এবং নানান বিতর্কের মুখে প্রত্যাহারের চার দিন পর অবশেষে থানা ছাড়লেন ফেনীর দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম।

তিনি জানান, গত বুধবার ওসি ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব হস্তান্তর ও প্রয়োজনীয় প্রস্তুতির কারণে পুলিশ লাইন্সে সংযুক্ত হতে কিছুটা বিলম্ব হয়েছে। এতে আইনের কোনও ব্যত্যয় ঘটেনি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, নতুন পুলিশ সুপার যোগদানের পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে দাগনভূঞা থানায় এখনও নতুন কোনও ওসিকে পদায়ন করা হয়নি। আপাতত থানার ওসি (তদন্ত) ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে ওসি ফয়জুল আজীম নোমানের একটি আপত্তিকর ফোনালাপ ফাঁস হওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার তাকে দাগনভূঞা থানা থেকে প্রত্যাহার করা হয়।