গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার: ৫৫ প্লাটুন বিজিবির সঙ্গে মাঠে ২৩৫০ পুলিশ

গোপালগঞ্জ প্রতিনিধি 
২৮ নভেম্বর ২০২৬, ১৯:১২ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৯:১২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এর মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিভিন্ন স্থানে মশালমিছিল করেছেন দলের নেতাকর্মীরা। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এ অবস্থায় নাশকতা ঠেকাতে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। পাশাপাশি চলছে নিয়মিত টহল। বিশেষ করে জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, ঘোনাপাড়া এবং জেলার গুরুত্বপূর্ণ অফিস, সড়ক ও পয়েন্টগুলোতে টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) ও সোমবার (৩০ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জে লকডাউনের ডাক দিয়েছে। দুই দিনের লকডাউন কর্মসূচি ঘিরে সহিংসতা ও নাশকতা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে আজ বিকাল পর্যন্ত জেলার জনজীবন স্বাভাবিক আছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার সার্বিক নিরাপত্তায় পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বিজিবি, আনসার ব্যাটালিয়ন ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। 

তবে নিরাপত্তা জোরদার করা হলেও কর্মসূচিকে ঘিরে জীবিকা, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক চলাচল নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। কর্মসূচি ঘিরে উপার্জন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নিম্নআয়ের মানুষজন।

শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি

শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন সড়ক ও বাজারে মানুষের চলাচল এবং যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। 

উদ্বেগের কথা জানিয়ে শহরের রিকশাচালক আরিফুল ইসলাম বলেন, ‘এমনিতেই আয়-রোজগার কম। এর মধ্যে আন্দোলন ও কর্মসূচির কারণে যাত্রী কমে গেলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। কৃষিকাজের সঙ্গে জড়িত থাকায় নানা দিক থেকে আর্থিক সংকটে আছি। দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে আয় ভালো হয়।’

এদিকে টানা তৃতীয় দিনের মতো বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে লেনদেনের সমস্যায় ভোগান্তিতে আছেন গ্রাহকরা। এতে ক্ষতির মুখে পড়েছেন এজেন্ট ও গ্রাহক উভয়ে।

গোপালগঞ্জ শহরের বিকাশ এজেন্ট সুজন মুন্সি বলেন, ‘লেনদেন করতে না পারায় ব্যবসা প্রায় স্থবির হয়ে পড়েছে। কিছু ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকরা আসছেন না। ব্যবসার জন্য টাকা বিনিয়োগ করে রেখেও কোনও লাভ হচ্ছে না। অন্যদিকে টাকা তুলতে আসা গ্রাহকদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।’

এদিকে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় এখনও থানা দুটির কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়নি। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।

টুঙ্গিপাড়ার বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সাধারণ মানুষ প্রথমে থানায় যায়। কিন্তু থানার কার্যক্রম বন্ধ থাকলে পুলিশের সেবা পাবো কীভাবে? সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম দ্রুত চালু করা জরুরি।’

অপরদিকে গোপালগঞ্জ থেকে ঢাকা ও রাজশাহীগামী ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান অব্যাহত আছে।

বিশেষ করে জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, ঘোনাপাড়া এবং জেলার গুরুত্বপূর্ণ অফিস, সড়ক ও পয়েন্টগুলোতে টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে

জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়নের সদস্য মোতায়েন রয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগার, সার্কিট হাউস ও জেলা পরিষদসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে তারা দায়িত্ব পালন করছেন।

গোপালগঞ্জের আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এস এম রায়হান হেলাল জানান, মহাপরিচালকের নির্দেশনায় জেলায় ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে যাতে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ক্ষয়ক্ষতি না ঘটে, সে লক্ষ্যেই তারা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি অনুযায়ী যেকোনো ঘটনা মোকাবিলায় সদস্যরা প্রস্তুত আছেন।

এ ছাড়া গোপালগঞ্জে ৫৫ প্লাটুন বিজিবি এবং পুলিশের ২ হাজার ৩৫০ জনের বেশি সদস্যের পাশাপাশি এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

গোপালগঞ্জে অবস্থানরত ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ইন্সপেক্টর মোহাম্মদ হাসান উল্লাহ জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সদস্যরা বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা প্রস্তুত রয়েছেন। পাশাপাশি পুলিশ, বিজিবি, আনসারসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

 

/এএম/ 
সম্পর্কিত
মশাল মিছিলে স্লোগান দিতেই বিএনপির ধাওয়া, দৌড়ে পালালেন আ.লীগের নেতাকর্মীরা
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় দুজন গ্রেফতার, পরিবার বলছে তারা জুলাই আন্দোলনকারী
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬০ জন গ্রেফতার
সর্বশেষ খবর
সরকারি খরচে তৈরি মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, আতঙ্কে পরিবার
সরকারি খরচে তৈরি মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, আতঙ্কে পরিবার
ধাক্কা খেলো আর্জেন্টিনা, ফকল্যান্ডে চলবে ব্রিটিশ-ইসরায়েলি তেল প্রকল্প
ধাক্কা খেলো আর্জেন্টিনা, ফকল্যান্ডে চলবে ব্রিটিশ-ইসরায়েলি তেল প্রকল্প
সংসারের অদৃশ্য চাপ বেশি সামলান নারীরাই, কীভাবে ভাগ করে নেবেন দম্পতিরা?
সংসারের অদৃশ্য চাপ বেশি সামলান নারীরাই, কীভাবে ভাগ করে নেবেন দম্পতিরা?
ক্ষমতা-কাঠামোর পরিবর্তন ও গণভোটের রায় বাস্তবায়ন চায় জেএসডি
ক্ষমতা-কাঠামোর পরিবর্তন ও গণভোটের রায় বাস্তবায়ন চায় জেএসডি
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ