২৪ ঘণ্টায়ও চালু হয়নি পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিস

ঘাট বিলীন হওয়ায় বন্ধ ফেরি চলাচল২৪ ঘণ্টায়ও পুনঃস্থাপন সম্ভব হয়নি দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগের অন্যতম রুট পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিস। রবিবার এই রুটের দৌলতদিয়া প্রান্তের ফেরিঘাট পদ্মা নদীর তীব্র ভাঙনে বিলীন হয়ে যাওয়া ওই দিন সকাল ৯টা থেকে ফেরি চলাচল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয় ফেরি কর্তৃপক্ষ।

প্রবল স্রোতে দৌলতদিয়া ঘাট পয়েন্টে চারটি ফেরিঘাটের মধ্যে পর্যায়ক্রমে সবকটি পদ্মায় বিলীন হয়ে যাওয়ায় ফেরি সার্ভিসের এই  বিপর্যয়।

নদী বন্দর রক্ষণাবেক্ষণ ও ফেরিঘাট নির্মাণ ও মেরামতের দায়িত্বে থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র প্রকৌশল বিভাগ আগে থেকে কার্যকর ব্যবস্থা নিলে এ অবস্থা সৃষ্টি হতো না বলে অভিযোগ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)’র মেরিন বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের।

সংশ্লিষ্ট সূত্র মতে, বন্যা শুরুর আগ থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট পয়েন্টসহ পার্শ্ববর্তী এলাকা ব্যাপক নদী ভাঙনের কবলে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রশাসন ভাঙন রোধের চেষ্টা চালায়। কিন্তু ফেরিঘাট মেরামত ও নির্মাণে দায়িত্বশীল বিআইডব্লিউটিএ ভাঙন যে এতো রুদ্ররুপ আকার ধারণ করবে তা আঁচ করতে পারেনি।

পাটুরিয়া ফেরি ঘাটে ভাঙনবাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নিজামউদ্দিন পাঠান বাংলা ট্রিবিউনকে জানান, তাদের পক্ষ থেকে পর্যায়ক্রমে ঘাট রক্ষায় সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল। কিন্তু সব ধরনের প্রতিরোধের চেষ্টা বৃথা হয়ে রবিরাব সকাল নাগাদ দৌলতদিয়ার শেষ ঘাটটি পদ্মার থাবায় লণ্ডভণ্ড হয়ে যায়। ফলে পাটুরিয়া-দৌলতদিয়া পুরো ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। এরপর থেকে তারা ফেরি ঘাট পুনঃস্থাপনের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা ফেরি সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ নাসিম জানান, ফেরি সার্ভিস চালু হতে আরও অন্তত একদিন  সময় লাগতে পারে। ইতিমধ্যে বিভিন্ন পরিবহন মালিকদের এই রুট ব্যবহার না করে যমুনা সেতু ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে এখনও পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে কয়েকশ বিভিন্ন পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আটকে আছে। আটকে থাকা ওইসব পরিবহনের চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন যদি তারা যমুনা সেতু দিয়ে নির্দিষ্ট গন্তব্যে যায় তাহলে যে ডেমারেজ গুনতে হচ্ছে তা আরও দ্বিগুন হবে। মালিকদের সঙ্গে কথা বলে তারা এখনও ফেরি চলাচল শুরুর অপেক্ষা করছেন।

আরও পড়ুন:
পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিস বন্ধ, বিপর্যস্ত ২১ জেলার যোগাযোগ ব্যবস্থা

/বিটি/