তারেক-মিশুকসহ পাঁচজন নিহতের ঘটনায় তিন সাক্ষীর জবানবন্দি গ্রহণ

মিশুক মুনীর ও তারেক মাসুদসড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় দায়ের মামলায় তিন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষ হয়েছে। রবিবার ধার্য তারিখে এ জবানবন্দি গ্রহণ করা হয়।

মামলা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জেলা দায়রা ও জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আফছারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই কৌশলী জানান, রবিবার মোট পাঁচজন সাক্ষীকে আদালত তলব করলেও তিন সাক্ষী হাজির হয়ে জবানবন্দি দেন। এরা হলেন মামলার ৩০ নম্বর সাক্ষী স্কয়ার হাসপাতালের ডাক্তার মেসবাহ উদ্দিন, ২৭ নম্বর সাক্ষী ফায়ার সার্ভিসের গাড়িচালক ও  একই অফিসের স্টাফ মো. কামাল হোসেন।

তিনি আরও জানান, রবিবারের নির্ধারিত পাঁচ সাক্ষীর মধ্যে একজন ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার খোন্দকার আব্দুল হামিদ ইতিমধ্যে মারা গেছেন। সব মিলিয়ে ৩৯ জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সাক্ষীদের মধ্যে প্রত্যক্ষদর্শী সাক্ষী বোমকেশং সরকার, তারেক মাসুদের সহকারী ফারুক হোসেন, তার স্ত্রী সাথী সরকার ও ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার খোন্দকার আব্দুল হামিদ ইতিমধ্যে মারা গেছেন।

উল্লেখ্য, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলা এলাকায় ২০১১ সালের ১৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।

আরও পড়ুন:
দুমড়ে-মুচড়ে যাওয়া তারেক-মিশুকের স্বপ্ন, বিচার হয়নি

/বিটি/