আশুলিয়ায় এবার হামিম গ্রুপের পাঁচ শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অবৈধভাবে প্রবেশ, ভাঙচুর ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারখানার দুই শ্রমিকের নাম উল্লেখ করে এ মামলা করা হয়। বুধবার গভীর রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন কারখানা কর্তৃপক্ষ।
এদিকে শ্রমিকদের উসকানি দিয়ে তাদের আন্দোলনে নামানোর সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আট শ্রমিক নেতাকে গেফতার করেছে ডিএসবি পুলিশ।
ঢাকার সেগুন বাগিচা এলাকায় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিএসবি পুলিশের একটি দল শ্রমিক নেতা মোশরেফা মিশুকে গ্রেফতার করে। এছাড়া আশুলিয়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আঞ্চলিক শ্রমিক নেতা ইব্রাহিম, শামিম খান, শাকিল আহম্মেদ, কামরান, মিজান, সৌমিত্র, সুমনকে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান শ্রমিক নেতাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, হামিম গ্রুপ তাদের কারখানার দুই শ্রমিকের নাম উল্লেখ করে আরও ৫শতাধিক শ্রমিককে অজ্ঞাত করে আশুলিয়া থানায় একটি মামলা দায়েল করেছে। এ মামলায় এক শ্রমিককে গ্রেফতার করা হয়েছে।
/এআর/