রফিউর রাব্বি বলেন, ‘আমরা দেখেছি সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের জবানবন্দি ছাড়াই চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিট দেওয়ার পর যেহেতু আর জবানবন্দি গ্রহণের সুযোগ থাকে না, সেহেতু আমরা চাই ত্বকী হত্যার নায়ক আজমেরী ওসমানকে আগে গ্রেফতার করা হোক।’
এ সময় ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ বলেন, ‘ওসমান পরিবারের বিভিন্ন দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদ করায় রফিউর রাব্বিকে দমাতেই তার ছেলে ত্বকীকে হত্যা করা হয়েছে।’
অবস্থান কর্মসূচিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন খেলাঘর আসর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথিন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে নারায়ণগঞ্জে নিজ বাসার কাছ থেকে অপহরণ করা হয়। এর দুইদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর শাখা খালে তার মৃতদেহ পাওয়া যায়। ওই ঘটনায় নিহতের বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। উচ্চ আদালতের নির্দেশে র্যাবকে এই মামলার তদন্তের দায়িত্ব হস্তান্তর করে পুলিশ। কিন্তু এ হত্যাকাণ্ডেরর ৪ বছর অতিবাহিত হলেও এখনও পর্যন্ত এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি।
/এমডিপি/