নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩

IMG_20170212_104639

নরসিংদীর বেলাব উপজেলার দড়িকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আটজন। তাদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন মাইক্রোবাসচালক সাইদ আহমেদ (৩৮), মাইক্রোবাসের যাত্রী হাসান মিয়া (৪০), তার স্ত্রী হালিমা (২৫), ছেলে ইফান (৮), শ্যালিকা ঝুমা (১৬) , তাদের আত্মীয় মানিক (৪৫), মাছিয়া (৩৫), হিরা (৩৫), সাধনা বেগম (৩৫), অন্তর (১০), নাজমুল (১০)। পরে ঢাকা মেডিক্যালে দুজনের মৃত্যু হয়। নিহতদের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর গ্রামে। পারিবারিক অনুষ্ঠান ও ফাল্গুন উপলক্ষে স্থানীয় মেলায় যোগ দিতে তারা ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলেন। 

দুর্ঘটনার শিকার মাইক্রোবাস

ভৌরব হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হবিগঞ্জ থেকে ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি বাসের সঙ্গে কিশোরগঞ্জগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা ১১ জনের মৃত্যু হয়। বাসের চালক পালিয়ে গেছে। তবে বাসটি আটক করা হয়েছে। আহতদের মধ্যে তিনজন পথচারী, ছয়জন মাইক্রোবাস ও বাসের যাত্রী। এদের মধ্যে ছয়জনকে ঢাকায় পাঠানো হয়েছে। 

এদিকে, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মো. মোজাম্মেল হককে নিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নিহতদের দাফনের জন্য প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।  

/বিটি/

আরও পড়ুন:

রাজধানীতে বেড়েছে ছিনতাই, সন্দেহের বাইরে নয় উগ্রবাদীরা