নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ওয়াহিদুজ্জামান সেলিম আদালতে আত্মসমর্পণ করেছেন। তিনি নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী। মঙ্গলবার দুপুর ২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বিচারক সৈয়দ এনায়েত হোসেন আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা করেন। যেখানে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও আরও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৯ জন ছিলেন পলাতক। তাদের মধ্যে একজন সার্জেন্ট এনামুল কবিরকে গত ৫ ফেব্রুয়ারি মাগুরা থানা পুলিশ গ্রেফতার করে। গত ১২ ফেব্রুয়ারি সৈনিক আবদুল আলীম আদালতে আত্মসমর্পণ করেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে তৎকালীন কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয় যাদের লাশ ৩০ এপ্রিল ও ১ মে শীতলক্ষ্যা থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই পলাতক থাকে সেলিম। পরে ২০১৫ সালের ১৪ জুন ভারতের কলকাতায় নূর হোসেনের সঙ্গে গ্রেফতার হন তিনি। ওই বছরের ৩ ডিসেম্বর কলকাতার আদালত থেকে জামিন পেয়ে ফের পালিয়েছিলেন তিনি।
/বিটি/এমও/