ফরিদপুরে ফুটপাত থেকে হকার উচ্ছেদের সময় হামলায় শিকার হয়ে পৌরসভার ১৫ কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। রবিবার বেলা সোয়া ১টার দিকে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে এ হামলার ঘটনা ঘটে।
হামলার প্রতিবাদে পৌর কর্মচারীদের পক্ষ থেকে সোমবার কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পৌর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুদিন আগে ফরিদপুর পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশ থেকে হকার উচ্ছেদের জন্য মাইকিং করা হয়। সম্প্রতি, জেলা প্রশাসকের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় ফুটপাত থেকে হকার উচ্ছেদের জন্য পৌর মেয়রকে নির্দেশ দেওয়া হয়। এর অংশ হিসাবে রবিবার বেলা ১২টার দিকে পৌর সচিব মো. তানজিলুর রহমানের নেতৃত্বে ৩০ জনের একটি মোবাইল টিম হকার উচ্ছেদে নামে। শহরের পূর্ব খাবাসপুর মোড় থেকে হকারদের উচ্ছেদ করে হাজী শরীয়তুল্লাহ বাজারের সামনে গেলে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বেলা সোয়া একটার দিকে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে লাঠিসোঠা নিয়ে হকার উচ্ছেদে আসা পৌর টিমের ওপর হামলা চালায়। ব্যবসায়ীদের হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়।
হামলার খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের কবল থেকে পৌর কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পৌর কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার খবর পেয়ে পৌরমেয়র শেখ মাহতাব আলী মেথু দ্রুত ঘটনাস্থলে যান। পৌর কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার পর মেয়রের নেতৃত্বে পৌরসভায় জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
অন্যদিকে,পৌর কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিমউদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা হলে পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।
/জেবি/
আরও পড়তে পারেন: চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে মেয়ের মৃত্যু, বাবা দগ্ধ