হাটে আছে ১০ হাজার গরু, সারাদিনে বিক্রি ২০০

মুন্সীগঞ্জপবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি থাকলেও বেচাকেনা জমে ওঠেনি মুন্সীগঞ্জের সবচেয়ে বড় বিসিক গরুর হাটে। হাটভর্তি ১০ হাজার গরু থাকলেও বুধবার (৩০ আগস্ট) সারাদিনে বিক্রি হয়েছে মাত্র ২০০টি গরু। ক্রেতা-বিক্রেতার দাম নিয়ে বনিবনা না হওয়াতে গরু কম বিক্রি হচ্ছে বলে হাটের ইজারাদার সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) মুন্সীগঞ্জের বিসিক হাট ও মুন্সীরহাটে গেলে সেখানে থাকা বিক্রেতারা জানান, ক্রেতারা যে দাম বলেন তাতে খরচ উঠে না। অন্যদিকে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, যেহেতু হাতে এখনও সময় আছে তাই বুঝেশুনে গরু কিনবেন। ঈদের আগে হয়তো দাম একটু কমতে পারে।
মুন্সীগঞ্জের বিসিক গরুর হাটের ইজারাদার সূত্রে জানা গেছে, হাটে গরু উঠেছে প্রায় দশ হাজার। মঙ্গলবার কোনও গরুই বিক্রি হয়নি। বুধবার সারাদিন প্রায় দুইশ গরু বিক্রি হয়েছে। কমপক্ষে আট হাজার গরু বিক্রি না হলে ইজারার ১ কোটি ৯০ লাখ টাকা ওঠানো সম্ভব হবে না। এছাড়া হাট পরিচালনার অন্যান্য খরচও আছে। কিন্তু, সেই অনুপাতে গরু বিক্রি হচ্ছে না।
মুন্সীগঞ্জ-১এদিকে, ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা থাকলেও মুন্সীগঞ্জে বড় গরুর চাহিদা তেমন নেই। হাটে বড় আকারের একটি গরুর দাম ৬ লাখ চাইলে ক্রেতা না পেয়ে হাট থেকে ঢাকায় নিয়ে যান গরু ব্যাপারী। এখনও কিছু বড় গরু হাটে দেখা যায়। তবে সেগুলোর দাম চাওয়া হচ্ছে দুই থেকে চার লাখ টাকা পর্যন্ত।
জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জে প্রায় ৪০ হাজার কোরবানির গরুর চাহিদা রয়েছে। এর মধ্যে জেলার ৩ হাজার ২৩৮ টি খামারে আছে ২০ হাজারের অধিক গরু। গতবার খামারিরা বাড়িতে বসেই কিছু গরু বিক্রি করেছিল। কিন্তু এবার তেমনটি দেখা যায়নি। ঈদের আগে আরও দাম কমবে এই আশায় খামার থেকে গরু কেনেননি।
সদরের কেওয়ার ইউনিয়নের খামারি আব্দুস সাকের বলেন, ‘ঈদ উপলক্ষে ৩৫ টি গরু খামারে রয়েছে। কিন্তু ভালো সাড়া পাইনি। গতবার খামার থেকেই সব গরু বিক্রি করেছিলাম। কিন্তু, এবার এখন বিক্রি হলো না।’
এদিকে ভালো দাম পাওয়ার আশায় মুন্সীগঞ্জের হাটগুলোতে পাবনা, সিরাজগঞ্জ, বগুরা থেকে গরু আনেন ব্যাপারীরা। অনেক কৃষকও তার গরুগুলো নিয়ে ভালো দামের আশায় মুন্সীগঞ্জের হাটে তোলেন। কিন্তু, এ বছর তারা শংকায় আছেন, ঈদের আগে ভালো দামে গরুটি বিক্রি করতে পারবেন কিনা।


আরও পড়ুন: নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গাদের খাবার দিয়ে সাহায্য করছেন স্থানীয়রা