সিদ্ধিরগঞ্জে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার ১

গ্রেফতারের প্রতীকী ছবিনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়ন করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে মনির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ অক্টোবর) রাতে আজিবপুর সর্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (২ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মনির তার সর্দারপাড়া এলাকার বাসায় নিয়ে শিশুটিকে যৌন নিপীড়ন করে। সেখান থেকে শিশুটি বাসায় ফিরে তার বাবাকে ঘটনাটি জানায়। ঘটনাটি শুনে রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই শিশুর বাবা। অভিযোগের পর পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মনিরকে আটক করে। শিশুটির বাবার দায়ের করা অভিযোগটি সোমবার দুপুরে মামলা হিসেবে রেকর্ড করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়েছে, এমন অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযুক্ত মনিরকে গ্রেফতার করেছি। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে।