গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বেড়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সময় বৃদ্ধির কথা জানানো হয়েছে। আগামী ২ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো.মাহবুবুল আলম জানান, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd তে প্রচারিত নিয়মাবলী অনুসারে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে আবেদনের সময় বাড়লেও ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। ‘ডি’ এবং ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর, ‘এফ’ এবং ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ নভেম্বর,‘এ’ এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর, ‘সি’ এবং ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, এ বছর ৮টি ইউনিটের অধীনে ৩১টি বিভাগে সর্বমোট ৩০০১ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ)শিক্ষার্থী ভর্তি করা হবে।