শ্রীপুরে অধরা কণার আবিষ্কারক ড. জাহিদ হাসান

‘মানবতা না থাকলে শিক্ষা ও বিজ্ঞান কিছু গড়তে পারবে না’

শ্রীপুরে অধরা কণার আবিষ্কারক ড. জাহিদ হাসানঅধরা কণা বা ‘ভাইল ফার্মিয়ন’ কণার আবিষ্কারক এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড. জাহিদ হাসান তাপস গাজীপুরের শ্রীপুরে বলেছেন, ‘একজন মানুষের মধ্যে শিক্ষা ও বিজ্ঞান থাকলে সে আবিষ্কার করতে পারে। তার আবিষ্কার এটম বোমার মতো ধ্বংসাত্মকও হতে পারে। কিন্তু শিক্ষা ও বিজ্ঞানের পাশাপাশি  মানবতা দরকার। মানবতা না থাকলে সে শিক্ষা ও বিজ্ঞান কিছু গড়তে পারবে না। বিজ্ঞানীরা শুধু নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য নয়, তারা মানব সভ্যতার জন্য কাজ করেন।’

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় শ্রীপুর চৌরাস্তার শ্রীপুর ভবনে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং অসহায় দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ হিউম্যান অ্যান্ড চিলড্রেন ডেভেলপমেন্ট সোসাইটি ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ৫০০ আসহায় ব্যক্তির মধ্যে শীতবস্ত্র ও ৫০ শিশুর মধ্যে চিত্রাঙ্কনের জন্য সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

সোসাইটির চেয়ারম্যান অধ্যাপিকা রোমানা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞানী ড. জাহিদ হাসান তাপসের মা নাদিরা রহমত আলী, মাইক্রোসফট সাউথ এশিয়ার পরিচালক সারাহ আহম্মেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা রিয়াজুল হক বাবু, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কমর উদ্দিন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের আহ্বায়ক নূরুন্নবী আকন্দ, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ প্রমুখ।