স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

সাভারসাভারের আশুলিয়ায় স্বামীর প্রেমে বাধা দেওয়ায় রুলিয়া আক্তার ফালানি (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই স্বামী নাজমুল হোসেন ও তার মা পলাতক রয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী নাজমুল হোসেনের সঙ্গে পাশের বাড়ির তার এক ভাতিজীর প্রেমের সম্পর্ক চলছিল। শুক্রবার রুলিয়া  বিষয়টি জানতে পারে।পরে বিষয়টি নিয়ে তার সঙ্গে স্বামী ও শ্বাশুড়ির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুক্রবার রাতে স্বামী ও শ্বাশুড়ি মিলে তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর রুলিয়া আক্তার ফালানি  বাবা আউলাদ হোসেনকে মুঠোফোনে জানানো হয় তার মেয়ের খিচুনি হচ্ছে।  পরে তিনি ঘটনাস্থলে এসে জানতে পারেন তার মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনা জানাজানি হওয়ার পরই রুলিয়ার স্বামী ও শাশুড়ি কৌশলে পালিয়ে যান।

এসআই  আবুল কালাম আজাদ জানান, শনিবার সকালে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তিনি আরও জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।