পথচারী নিহতের জেরে বাসে আগুন

গাজীপুরটঙ্গীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহতের জেরে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। টঙ্গী ফায়ার স্টেশনের দু’টি ইউনিট প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। আগুনে কোনও যাত্রী আহত হননি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক জানান, বুধবার সকালে ঢাকা থেকে গাজীপুরগামী একটি বাস টঙ্গীর মিলগেট এলাকায় রাস্তা পারপারের সময় এক যুবককে (৩৪) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী গাজীপুরগামী অনাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এসময় ঘটনাস্থলের উভয় দিকে যানচলাচল সাময়িক বিঘ্নিত হয়। পরে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫মিনিটের চেষ্টায় আগুন নেভান। তবে আগুনে কেউ আহত হননি। আগুনে বাসটির সিট ও বডি পুড়ে গেছে। ইঞ্জিনসহ নিচের অংশের ক্ষতি হয়নি।