যাত্রীবেশে বাসে উঠে চালককে হত্যার পর ডাকাতি করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে ঢাকার উদ্দেশে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ইনসাফ পরিবহনের ধলেশ্বরী নামে একটি বাসে এ ডাকাতির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মঙ্গলবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় থেমে থাকা বাসটি উদ্ধার করে পুলিশ। নিহত চালকের নাম শাহজাহান মিয়া (৩২)। সে টাঙ্গাইল জেলার সদর থানাধীন চরজানা গ্রামের বিমা মিয়ার ছেলে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাসের সুপারভাইজার শহিদুল খান ও হেলপার বাদশা মিয়া ডাকাতের হামলায় গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে টাঙ্গাইল থেকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে ইনসাফ পরিবহনের ধলেশ্বরী (ঢাকা মেট্রো ব-১১-৬৪৪৬) নামে বাসটি ঢাকায় রওনা দেয়। পরে মির্জাপুর এলাকায় পৌঁছালে সেখান থেকে যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত বাসে ওঠে। এরপর তারা বাসের চালককে ছুরিকাঘাত করে। পরে গুরুতর অবস্থায় বাসের পেছনের একটি ছিটে তাকে বসিয়ে রাখে। এ সময় বাসের হেলপার ও সুপারভাইজার বাধা দিলে তাদের পিটিয়ে আহত করে ডাকাত দলের সদস্যরা। পরে ডাকাত দলের সদস্যরা বাসটির নিয়ন্ত্রণ নেয়। এরপর বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সবকিছু লুট করে নেয় দুর্বৃত্তরা। ডাকাতি শেষে ভোরের দিকে বাসটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে বাস ও চালকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: ঝিনাইদহে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৫১ জন গ্রেফতার