মামলার আসামিরা হলেন- বন্দর উপজেলার নিশং এলাকার সিরাজ উদ্দিন মিয়ার ছেলে ঢাকার বিশেষ শাখার সহকারী উপ পরিদর্শক শাহাবুদ্দিন মিয়া ও নিশং মোল্লাবাড়ি এলাকার মোশারফ হোসেনের ছেলে বাদশা মিয়া।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেছেন, তিনি হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করছেন। ২৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে পুলিশ নিয়োগের জন্য বিজ্ঞাপন দেখেন। আগ্রহী হয়ে বন্দর উপজেলার নিশং মোল্লাবাড়ি এলাকার মোশারফ হোসেনের ছেলে বাদশা মিয়ার সঙ্গে যোগাযোগ করেন। বাদশা মিয়া চার লাখ টাকায় পুলিশে চাকুরি পাওয়া যাবে বলে স্বদেশ ভূইয়া ও তার পরিবারকে আশ্বস্ত করেন। পরে গত ২০ জানুয়ারি সকাল ১০টায় দুই লাখ টাকা ও গত ১৪ ফেব্রুয়ারি বিকেল ৫টায় আরও দুই লাখ টাকা নিশং এলাকার সিরাজ উদ্দিন মিয়ার ছেলে ঢাকার বিশেষ শাখার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) শাহাবুদ্দিন মিয়ার হাতে তুলে দেন। পরে পুলিশে চাকরিতে আগ্রহী প্রার্থীকে প্রত্যাশা কেচিং সেন্টারে নিয়ে নিয়মিত ১২ দিন কোচিং করানো হয়। এ ছাড়াও এ সেন্টারে বন্দর থানার শুভকরদী এলাকার সেলিম মিয়ার ছেলে সিয়াম, আনিস মিয়ার ছেলে মোস্তাকিম, পিয়ার হোসেন মিয়ার ছেলে মো. মোস্তাকিম, পিয়ার হোসেন মিয়ার ছেলে রায়হান, মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে তৌহিদ হাসান ও কান্দিপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে মোস্তফা আক্তার মলিসহ ২০ জন প্রার্থীর কাছ থেকে ৮০ লাখ টাকা নিয়ে এ সেন্টারটিতে বিভিন্ন বিষয়ে কোচিং করায়।
পরে গত ২৪ ফেব্রুয়ারি সকাল ৯টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইনে শারীরিক পরিক্ষা জন্য স্বদেশ ভূইয়াকে লাইনে দাঁড় করায় শাহাবুদ্দিন ও বাদশা। পরে স্বদেশ ভূইয়া জানতে পারেন, পুলিশে যোগাদান করতে কোনও টাকা লাগে না। পরে তার টাকা ফেরত চাইলে দুই জন টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় প্রতারণার অভিযোগ তুলে স্বদেশ ভূইয়া বন্দর থানায় মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম শাহীন মণ্ডল জানান, এই ঘটনায় এসবির এএসআই শাহাবুদ্দিন ও বাদশা দু’জনের নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, বন্দরে পুলিশে নিয়োগের জন্য কোচিং সেন্টার খুলে প্রার্থীদের কাছ থেকে চার লাখ টাকা করে নেওয়ার অভিযোগে গত রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কলাগাছিয়া ইউপির চৌকিদারসহ ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।