আপনাদের সন্তুষ্ট করতে না পারলে নির্বাচনে অংশ নেবো না: সেলিম ওসমান

ভাষা সৈনিক নাগিনা জোহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠাননারায়ণগঞ্জ-৫ আসনের জাপা (এ) সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান বলেছেন, ‘আমি যদি আপনাদের সন্তুষ্ট করতে না পারি তাহলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো না। আর আমাকেই যে নির্বাচিত করতে হবে তেমন কোনও কথা নেই। আমি শুধু আপনাদের প্রিয় মানুষ প্রয়াত এমপি নাসিম ওসমানের প্রক্সি দিতে এসেছি। তার স্বপ্নগুলো বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। আমি নিজের জন্য কিছু করছি না। আগামী ২৬ জুন আমার চার বছর পূর্ণ হবে।’

বুধবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়া এলাকায় অবস্থিত নাগিনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রত্নগর্ভা মা ও ভাষা সৈনিক নাগিনা জোহার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন মরহুমা নাগিনা জোহার পুত্রবধূ মিসেস পারভিন ওসমান ও মিসেস নাসরিন ওসমান, মরহুমার দুই মেয়ে নিগার আক্তার ও নার্গিস আক্তার।

দোয়া শেষে এমপি সেলিম ওসমানের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত নাগিনা জোহা উচ্চ বিদ্যালয় ভবনের চতুর্থ তলার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।  

০০সেলিম ওসমান আরও বলেন, ‘আপনারা আমাকে সুযোগ দিয়েছেন। আমরা শান্তিরচরে নিটপল্লী নির্মাণের চেষ্টা করছি। শীতলক্ষ্যা সেতু-৩ এর কাজ চলছে। সরকারের পক্ষ থেকে নবীগঞ্জ খেয়াঘাট দিয়ে আরও একটি সেতু নির্মাণের আশ্বাস পাওয়া গেছে। সেতু নির্মাণ না হওয়া সময় পর্যন্ত সেন্ট্রাল খেয়াঘাট ও নবীগঞ্জ খেয়াঘাট দিয়ে ফেরি সার্ভিস চলাচলের কথা রয়েছে।’

তিনি বলেন, ‘ফেরি সার্ভিস চালু হতে একটু বিলম্ব হচ্ছে। সরকারি ফাইল একটু ধীর গতিতে চলে। আশা করছি আগামী এক মাসের মধ্যে ফেরি চালু করা সম্ভব হবে এবং আগামী ছয় মাসের মধ্যে নবীগঞ্জ দিয়ে সেতুর ভিত্তির প্রস্তর করা সম্ভব হবে।’ 

নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি গোলাপ হোসেনের সভাপতিত্বে দোয়ায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, জাপা নেতা গিয়াস উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী মহিলা লীগের সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি প্রমুখ।