ডাকাতের সঙ্গে পুলিশের গোলাগুলিতে নিহত এক, গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলিতে ডাকাত সরদার জাহাঙ্গীর আলম (৩৮) নিহত হয়েছে। সোমবার ভোরে উপজেলার জামপুরের মীরেরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের পাচঁ সহযোগী ডাকাতকে গ্রেফতার করেছে। এসময় এক রাউন্ড গুলি ভর্তি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেফতার পাঁচ ডাকাত হলো, নিহত জাহাঙ্গীরের সহযোগী স্বপন (৩৫), মাসুম (৪৩), নাজমুল হোসেন (২২), আলমগীর (২৪) ও রুবেল (২৫)।  

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) সাজিদুর রহমান সাজিদ জানান, সোমবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার জামপুর মীরেরবাগ এলাকায় ৮/১০ জনের একদল ডাকাত রাস্তায় ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় পুলিশকে উদ্দেশ্য করে ডাকাত সদস্যরা গুলি ছুঁড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পুলিশের গুলিতে আন্তঃজেলা ডাকাত সর্দার জাহাঙ্গীর হোসেন গুলিবিদ্ধ হয়। পরে তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এই সময় ধস্তাধস্তিতে ইউসুফ ও লুৎফর রহমান নামে দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছে। আহত ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন,‘পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, ১টি ছোড়া, ২টি চাপাতি ও তালা কাটার যন্ত্রপাতি উদ্ধার করেছে। নিহত ডাকাত জাহাঙ্গীর হোসেনের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নিহত জাহাঙ্গীর মুন্সীগঞ্জের গজারিয়া থানার লঘুরচর এলাকার আশেক আলী বেপারির ছেলে। গ্রেফতার ডাকাত স্বপন উপজেলার তাহেরপুর পাঁচানী গ্রামের আ: রশিদের ছেলে, মাসুম একই এলাকার আব্দুল বেপারির ছেলে, নাজমুল হোসেন চাদপুরের মতলব উপজেলার নারগাঁও গ্রামের মানিক হোসেনের ছেলে, আলমগীর মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার চরবলাকী গ্রামের আ: বাতেনের ছেলে ও রুবেল নরসিংদীর মাধবদী উপজেলার মাধবদী গ্রামে মৃত খলিল মিয়ার ছেলে। প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে একাধিক মামলা আছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল সাজিদুর রহমান সাজিদ জানান, নিহত ডাকাত সরর্দার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানায় হত্যা, চাদাঁবাজি ও  ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে।

আরও পড়ুন: এর আগে কোনও সরকারই দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করেনি: বাণিজ্যমন্ত্রী