মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ শ্রমিকের সন্ধান মেলেনি

উদ্ধার কাজ চলছেমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ইট বোঝাই একটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিকের এখনো সন্ধান মেলেনি। সোমবার (৩০ এপ্রিল) বিকালের দিকে গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের রঘুরচর এলাকার মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকের নাম মো. রফিজ উদ্দিন(২৮)। তিনি পাবনা জেলার চাটমোহর থানার থাইকোলা গ্রামের মোকসেদ মিয়ার ছেলে।

গজারিয়া থানার ওসি হারুন-অর-রশীদ জানান, ট্রলারটি মুন্সীগঞ্জ সদরের দিঘিরপার এলাকা থেকে ইট বোঝাই করে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার দিকে যাচ্ছিল। পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।এতে একজন শ্রমিক নিখোঁজ রয়েছে।  তাকে খোঁজা হচ্ছে।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক জানান, বিকালে ঝড় শুরু হলে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় ১৪ জনের মধ্যে ১৩ জন সাঁতার কেটে তীরে ওঠে।একজন নিখোঁজ হয়। ভবেরচর ফায়ার সার্ভিস ও ঢাকার ডুবুরি দল উদ্ধারে কাজ করছে। কিন্তু, রাতে নদীতে বেশ অন্ধকার ও ঠাণ্ডার কারণে উদ্ধার কাজে কিছুটা সমস্যা হয়। আজ না পাওয়া গেলে আগামীকাল সকাল ৮টা থেকে আবার খোঁজ করা হবে।