রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে ফিটনেসবিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র যাচাই-বাছাইয়ের অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ মহাসড়কে বুধবার অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ১৭টি পক্ষকে সাজা দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুজহাত তাসনীম আওন জানান, চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র সঠিক না থাকায় শাহ ফতেহ আলী পরিবহন, শ্যামলী পরিবহন, ডিপজল পরিবহন, হানিফ পরিবহন, এসআর ট্রাভেলসসহ ১৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়েরসহ মোট ৪৯ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (০১ আগস্ট) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশিকপুর বাইপাস এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে চলা অভিযানে টাঙ্গাইলের বিআরটিএর মোটরযান পরিদর্শক ওহিদুর রহমানসহ র্যাবের একটি দল অংশ নেয়।