গোপালগঞ্জের মুকসুদপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের পলেস্তারা ধসে তিন শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার সকালে জেলার মুকসুদপুর উপজেলার ১৬ নাম্বার ডাঙ্গা দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এই ঘটনায় অভিভাবক কাজলি বেগম. ফরিদা বেগম, হাফজা বেগম তিন অভিভাবক বলেন, ‘শিক্ষকদের জানিয়ে দিয়েছি ছেলে-মেয়েদের আর ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ে পাঠাবো না। অন্য জায়গায় ক্লাস নেওয়ার ব্যবস্থা করলে তাদের বিদ্যালয়ে পাঠাবো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহম্মেদ মুঠোফোনে জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাদের পলেস্তরা ধসে পড়ে। এতে ওই শ্রেণির ফাতেমা খানমের মাথা ফেটে গেছে। অপর দুই শিক্ষার্থী হাজেরা খাতুন ও হাবিবা খাতুনের হাতে আঘাত লেগেছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এই ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
প্রধান শিক্ষক আরও বলেন,‘চার কক্ষ বিশিষ্ট বিদ্যালয় ভবনটি ১৯৯৫ সালে নির্মিত হয়। ভবনের ৮ থেকে ১০টি স্থানে ফাটল দেখা দিয়েছে। ভবনটি ক্লাস নেওয়ার অনুপযোগী হয়ে পড়েছে। এখানে পাঠদান বিপদজনক। বিদ্যালয়টিতে ২০৬ জন শিক্ষার্থী রয়েছে। বিষয়টি মুকসুদপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) ঝিল্লুর রহমানকে জানানো হয়েছে। তিনি আমাকে বিদ্যালয়ের পাশে কোথাও ক্লাস চালানোর পরামর্শ দিয়েছেন। আমরা পাশের বাড়ির কোনও একটা ফাঁকা জায়গায় পাঠদানের চিন্তা ভাবনা করছি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুম ভূঁইয়ার সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি জেনেছি। এরইমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।