বিএনপি-জামায়াতের কাজই হলো বিদেশিদের কাছে নালিশ করা: তারানা হালিম

বক্তব্য রাখছেন তথ্য প্রতিমন্ত্রী অ্যাভোকেট তারানা হালিমতথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেন, দেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের কাজই হলো বিদেশিদের কাছে নালিশ করা। সোমবার (২০ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের নাগরপুরে গরিব ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র নেত্রী, যিনি গরিব দুখি মানুষের কষ্ট বোঝেন। বাংলাদেশে যেন কোনও গরিব মানুষ না থাকে সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করাই তার জীবনের লক্ষ্য। তাই ঈদে যেন প্রতিটি পরিবারের মুখে হাসি থাকে সেই লক্ষ্যে তার এই ক্ষুদ্র প্রয়াস।

তিনি আরও বলেন, দেশকে উন্নয়নের স্বর্ণশিখরে পৌঁছাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

এ সময় তিনি বিএনপি-জামায়াত জোটের কর্মকাণ্ডের দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান।

উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, ওসি মাইন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান ফরিদ প্রমুখ।