শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,‘দক্ষতার অভাবে আমাদের দেশের জনশক্তি বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে মানবেতর জীবনযাপন করে।’ বুধবার দুপুরে নরসিংদীর ঘোড়াশাল সারকারখানায় কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কইকা)সহযোগিতায় রাষ্ট্রায়ত্ব প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘ট্রেনিং ইনস্টিটিউট ফর ক্যামিকেল ইন্ডাস্ট্রিজের (টিআইসিআই)’ আধুনিকায়ন ও শক্তিশালীকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন,‘ এ দেশের জনসংখ্যা ১৭ কোটি হলেও দক্ষ জনশক্তির অভাব রয়েছে। বিশ্বের শিল্পোন্নত দেশগুলোতে ৬০ ভাগের নীচে দক্ষ জনশক্তি নেই, অথচ আমাদের দেশে ১৫ ভাগেরও কম। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষ জনশক্তির প্রয়োজন। বর্তমান সরকার দক্ষ জনশক্তি সৃষ্টি ও রফতানি প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এজন্য শিল্পমন্ত্রণালয় ও বিসিকসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলছে।
তিনি বলেন,‘শুধু জনশক্তি গড়ে তুললেই হবে না, আমাদের প্রশিক্ষণার্থীদের মধ্যে দেশপ্রেমও থাকতে হবে। ট্রেনিং নিয়ে দেশের জন্যও কাজ করতে হবে।’
বিসিআইসি’র চেয়ারম্যান মো. আমিনুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান, শিল্পমন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সবি আ. হালিম, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কাং ইল, কোইকা’র কান্ট্রি ডিরেক্টর জো হায়ুন গুসহ অন্যরা উপস্থিত ছিলেন।