‘দেশকে জঙ্গি ও মাদকের হাত থেকে শেখ হাসিনাই রক্ষা করতে পারবেন’

 

বক্তব্য রাখছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানশেখ হাসিনাই দেশকে জঙ্গি ও মাদকের হাত থেকে রক্ষা করতে পারবেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে যারা শেখ হাসিনার প্রার্থী হবেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের হাত থেকে রক্ষা পেতে আপনারা তাদেরকে নৌকা মার্কায় ভোট দেবেন। যাতে আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতি পারি। এলাকার উন্নয়নের জন্য শেখ হাসিনার হাতকে আমাদের শক্তিশালী করতে হবে।’

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা মেরী এ্যান্ডারসনে রবিবার বিকালে বিআইডব্লিউটিএ’র নবনির্মিত স্টাফ কোয়ার্টার উদ্বোধনী অনুষ্ঠানে নৌমন্ত্রী এসব কথা বলেন।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুস সালাম প্রমুখ।

নৌমন্ত্রী আরও বলেন, ‘নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী কে হতে পারে, জানেন। আজকে পত্রিকায় দেখবেন আওয়ামী লীগ ১০০ প্রার্থীর নামের তালিকা মোটামুটি প্রাথমিক পর্যায়ে অঘোষিতভাবেই বলা হয়েছে। তার মধ্যে শামীম ওসমানের নামটিও আছে। সুতরাং ধরে নিতে হচ্ছে আগামীতে এখানে প্রার্থী হচ্ছেন শামীম ওসমান। আপনারা সবাই শামীম ওসমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক কয়েকটি বক্তব্যের সমালোচনা করেন বলেন, ‘ফখরুল সাহেব আপনি বলেছেন- আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়। আপনি আংশিক সত্য কথা বলেছেন। বিএনপিকে শুধু আওয়ামী লীগ না, সারাদেশের মানুষ ভয় পায়। বিএনপির ভয়ে, আপনাদের ভয়ে সারাদেশের মানুষ ভীত ও আতঙ্কিত।’