গাজীপুরের বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-ট্রেনিং) প্রকৌশলী ফাতেমা বেগম বাংলা ট্রিবিউনকে জানান, যাত্রীদের চলাচলের সুবিধার্থে গাজীপুর মহানগরের শিববাড়ী থেকে কোনাবাড়ী ও শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা পর্যন্ত বিআরটিসির বাস চলাচল করবে। এ দুই সড়কে প্রাথমিকভাবে ১৩টি বাস বরাদ্দ দেওয়া হয়েছে। যাত্রীদের চাহিদা বিবেচনা করে বাসের সংখ্যা আরো বাড়ানো হবে।
গাজীপুরের জেলা প্রশাসক মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘এ সড়কে বর্তমানে ছোট ছোট অবৈধ যান চলাচল বন্ধ রয়েছে। তাই যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা ভেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।’ বিআরটিসি বাস চলাচলের সময় তিনি সকলকে দায়িত্বশীল হয়ে বাসের সুরক্ষার জন্য অনুরোধ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, বিআরটিসির গাজীপুর ডিপোর ম্যানেজার (অপারেশন) শাহরিয়ার বুলবুল, বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।