সোনারগাঁয়ে বসতবাড়িতে ১৮টি বিষধর সাপ




সাপুড়ের হাতে উদ্ধার হওয়া সাপনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকার একটি বসতবাড়ি থেকে ১৮টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে এলাকার বারেক মিয়ার বাড়ি থেকে সাপগুলো উদ্ধার করেন ফজলু ও মোস্তফা নামের দুজন সাপুড়ে।

এলাকাবাসী জানান, নুনেরটেক পাড়া গ্রামের বারেক মিয়া তার বসতবাড়িতে দীর্ঘদিন ধরে সাপের আনাগোনা লক্ষ করেন। বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলা থেকে ফজলু ও মোস্তফা নামের দুজন সাপুড়ে তার বাড়িতে নিয়ে আসেন তিনি। সাপুড়েরা মাটি খুঁড়ে বাড়ির তিনটি ঘর থেকে একটি বড় গোখরা (খইয়া পানশ) ও সঙ্গে আরও সতেরটি বাচ্চা গোখরা সাপ উদ্ধার করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা বারেকের বাড়িতে ভিড় করেন। 

বাড়ির মালিক বারেক মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার বাড়িতে সাপের উপস্থিতি টের পায়। এতে সাপের ভয়ে আমরা ঘরে প্রবেশ করছিলাম না। তাই সাপুড়ে ডেকে নিয়ে আসি। তারা মাটি খুঁড়ে সাপগুলো ধরেছে। সাপগুলো ধরা পড়ায় আমি ও আমার পরিবার স্বস্তিতে আছি।’

সাপুড়ে ফজলু আরও বলেন, ‘সাপ দেখে ভয় পাওয়ার কোনও কারণ নেই। সাহস করে ধরে ফেললেই চলে। সাপ ধরতে কোনও মন্ত্র বা কোনও কিছু করা লাগে না। এসব সাপ মূলত বাচ্চা দেওয়ার জন্য লোকলয়ে আসে। অহেতুক কাউকে দংশন করে না।’