মাদারীপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লার দান’ এর ৬ সদস্যকে বিস্ফোরক দ্রব্যসহ আটক করেছে জেলার গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন, মেহেরপুরের গাড়াডোবা এলাকার সমশের আলীর ছেলে সেলিম রেজা (২৯), নারায়ণগঞ্জের তামাক পট্টি এলাকার ওমর আলী ছেলে আলম রানা (৩৪), বগুড়ার শেরপুরের সবুর আলীর ছেলে রাসেল মাহমুদ (২১), মাদারীপুরের থানতলী এলাকার রশিদ মোল্লার ছেলে ইলিয়াস মোল্লা (৩৪), সদর উপজেলার হাউসদি এলাকার আবু বরক সিদ্দিক খানের ছেলে সাকিল খান (২৫) এবং সদর উপজেলার হাজির হাওলা এলাকার ফারুক হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (২৮)।
মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লার দান’এর কয়েক সদস্য একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার থানতলীতে রবিবার রাতে অভিযান চালায় জেলার গোয়েন্দা পুলিশের এক দল। এরপর সেখান থেকে বিস্ফোরক, একাধিক মোবাইল ফোন, লিফলেট, নগদ সাড়ে ১২ হাজার টাকা জব্দ করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে আটককৃতরা নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করে। এ ঘটনায় সোমবার রাতে গোয়েন্দা পুলিশের এএসআই আল-আমিন খন্দকার বাদী হয়ে সদর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার সকালে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
পুলিশ সুপার আরও জানান, আটককৃত ৬ জনের মধ্যে ৩ জন ভিন্ন জেলার বাসিন্দা। এমন জঙ্গি ও জঙ্গি সংগঠনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।