মানিকগঞ্জে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান (ছবি– প্রতিনিধি)

মানিকগঞ্জের ঘিওরে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়টিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মানিকগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের হাতে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগ দেন।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, আজ দুপুরে বড়টিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ইউনিয়নের চেয়ারম্যান মো. ফরিদ হোসেন বাবরের নেতৃত্বে ১১ ইউপি সদস্যসহ পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। এমপি নাঈমুর রহমান দুর্জয় তাদের বরণ করে দেন।

আওয়ামী লীগে যোগদানকারী ইউপি সদস্যরা হলেন– রমজান আলী, সরফ আলী, দুলাল মিয়া, মো. শহিমুদ্দিন, শাহিনুর রহমান, আব্দুল বাতেন, আবুল হাশেম, সৈকত মিয়া, আব্দুর রহিম, চপলা বেগম ও হেলেনা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার কারণেই দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। এর ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’ এ সময় আগামী ৩০ ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

এর আগে গতকাল বুধবার রাতে দৌলতপুরের ওয়ারেন্ট অফিসার (অব.) আজাহার আলী ও আব্দুল মান্নান মেম্বারের নেতৃত্বে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।