কুমিল্লায় অপহৃত শিশুকে গাজীপুর থেকে উদ্ধার

দুই অপহরণকারী (মাঝে)কুমিল্লার মুরাদনগর থেকে অপহরণের চারদিন পর গাজীপুর থেকে মোহাম্মদ আল আব্দুল্লাহ (৭) নামের এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। শুক্রবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর সাইনবোর্ড এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় দুই অপহারণকারীকে আটক করা হয়। শনিবার (২২ ডিসেম্বর) তাদের কারাগারে পাঠানো হয়েছে। র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উদ্ধার হওয়া শিশু আব্দুল্লাহ কুমিল্লার মুরাদনগর এলাকার মোহাম্মদ বাবুল মিয়ার ছেলে। আটক অপহরণকারীরা হলো—কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের মোহাম্মদ মোরশেদ আলমের ছেলে মোহাম্মদ সাঈদ সুলতান (১৯) ও নগরপাড় গ্রামের মো. কামাল পাশার ছেলে রিয়াজ আহমেদ (১৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে শিশু আব্দুল্লাহকে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। ঘটনার দুদিন পর মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি করে শিশুটির পরিবার। ২১ ডিসেম্বর অপহৃত শিশুর বাবা বাবুল মিয়ার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তাকে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় মুক্তিপণের টাকা নিয়ে যাওয়ার কথা বলা হয়। এ ব্যাপারে শিশুটির বাবা মো. বাবুল মিয়া র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পে অবহিত করে। র‌্যাব সদস্যরা ২১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর সাইনবোর্ড এলাকার একটি বাসা থেকে অপহরণকারীদের আটক করে এবং অপহৃতকে উদ্ধার করে।