আড়াইহাজারে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী আটক

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুচকার সঙ্গে কীটনাশক জাতীয় পদার্থ খাইয়ে উন্মেহানী (২৪) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার ছনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ওই গৃহবধূর স্বামী তুহিনকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পাঁচ বছর আগে ছনপাড়া এলাকার তুহিনের সঙ্গে উম্মেহানীর বিয়ে হয়। এরই মধ্যে তাদের সংসারে দুই সন্তানের জন্ম হয়। কিন্তু ৯ মাস আগে গোপনে তুহিন দ্বিতীয় বিয়ে করে। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত ২৮ ডিসেম্বর এক লাখ টাকা যৌতুক দাবি করে উম্মেহানীকে তার বাবার বাড়ি স্থানীয় বুরবুরিয়ারটেকে পাঠিয়ে দেওয়া হয়। দাবিকৃত টাকা না দিলে তার সঙ্গে আর সংসার করবে না বলে জানিয়ে দেয় তুহিন।
বৃহস্পতিবার বিকেলে তুহিন তার ছোট মেয়েকে ডাক্তার দেখানোর নাম করে উম্মেহানীকে সঙ্গে নিয়ে ছনপাড়ায় নিয়ে যায়। পরে রাতে তাকে ফুসকার সঙ্গে কীটনাশক জাতীয় পদার্থ মিশিয়ে খাইয়ে দেওয়া হয়। এতে তার মৃত্যু হয়। নিহত উম্মেহানীর লাশ বুরবুরিয়ারটেক তার বাবার বাড়িতে উঠানে ফেলে পালানোর সময় তুহিনকে আটক করে এলাকাবাসী। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে ওই গৃহবধূকে ফুচকার সঙ্গে বিষাক্ত জাতীয় পদার্থ মিশিয়ে খাইয়ে দেয়া হয়েছে। তবে গৃহবধূর ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।’
এ ঘটনায় নিহতের মা খোদেজা বেগম বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। গণপিটুনিতে আহত তুহিনকে পুলিশ প্রহরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।’